ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

‘কুর্মিটোলায় ভর্তি সাতজনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি’

‘কুর্মিটোলায় ভর্তি সাতজনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি’
×

আইইডিসিআর'র সংবাদ সম্মেলন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৪৫

চীনফেরত ৩১২ জনের মধ্যে যে সাতজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছে আইইডিসিআর। 

সোমবার জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোববার রাতে আমরা তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তাদের দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, কুর্মিটোলা হাসপাতাল থেকে সাতজনকে আমরা হজ ক্যাম্পে ফিরিয়ে এনেছি। তবে হজ ক্যাম্পে থাকা একজনের শরীরে জ্বর থাকায় তাকে আবার কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘সিএমএইচে যে নারী ছিলেন তার সঙ্গে এক বছরের সন্তান থাকায় তাকে সেখানেই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।

শনিবার ৩১২ বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট দেশে ফিরে আসে। দেহের তাপমাত্রা বেশি থাকায় এদের মধ্যে সাতজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) ভর্তি করা হয়েছে অন্য ধরনের অসুস্থতার কারণে।

চীন থেকে ফেরত আসাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের কোনো লক্ষণ দেখা দিলে সেনাবাহিনী ও স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ দল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এবং সনাক্তকরণের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহের জন্য আইইডিসিআর'র একটি দল প্রস্তুত রয়েছে।

পরিস্থিতি মোকাবিলার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬২ জন মারা গেছেন।


আরও পড়ুন

×