বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভার ভাতা নির্ধারণ করলো ইউজিসি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন লোগো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:১০ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:৪৯
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সুশাসন ও আর্থিক শৃঙ্খলা সুনিশ্চিত করতে অভিন্ন হারে সিন্ডিকেট ও অর্থ কমিটির সভার ‘সিটিং অ্যালাউন্স’ নির্ধারণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
সিদ্ধান্তটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রারকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গঠিত সিন্ডিকেট, অর্থ কমিটি ও একাডেমিক কাউন্সিল ও নিয়োগ কমিটির সভায় আগত বহিঃস্থ সদস্যদের সিটিং অ্যালাউন্স বাবদ বিভিন্ন হারে ভাতা দেওয়া হয়।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সিন্ডিকেট সভার ক্ষেত্রে ন্যূনতম ৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা, অর্থ কমিটির সভার জন্য ন্যূনতম ৩ হাজার পাঁচশ’ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং একাডেমিক কাউন্সিল এবং নিয়োগ কমিটির জন্য ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়।
বহিঃস্থ সদস্যরা প্রাপ্যতা অনুযায়ী প্রকৃত যাতায়াত ভাড়া পাবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি ২ ফেব্রুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে। চিঠির নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে দেশে ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৬টিতে শিক্ষা কার্যক্রম চালু আছে।
