ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

জাবি উপাচার্যের অপসারণ দাবিতে ফের আন্দোলন, কর্মসূচি ঘোষণা

জাবি উপাচার্যের অপসারণ দাবিতে ফের আন্দোলন, কর্মসূচি ঘোষণা
×

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৫২ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে ফের আন্দোলনের ডাক দিয়েছে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের' আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

তাদের নতুন কর্মসূচির মধ্যে রয়েছে ৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত গণসংযোগ, ৬ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল, ১০ ফেব্রুয়ারি ঝাড়ু মিছিল এবং ১২ ফেব্রুয়ারি একই দাবিতে বিক্ষোভ সমাবেশ।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্য প্রকল্পের টাকা দুর্নীতির সঙ্গে জড়িত, আন্দোলনকারীদের ওপর হামলার ইন্ধনদাতা এবং মামলাবাজ। আর এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অনতিবিলম্বে তার অপসারণ দাবি করেন তারা এবং একই দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, সম্প্রতি শেষ হওয়া শিক্ষক সমিতির নির্বাচন পর্যালোচনা করলে আমরা দেখতে পাই- বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ 'দুর্নীতিগ্রস্ত' উপাচার্যের অপসারণ চায়। এই নির্বাচন আমাদের শক্তি বৃদ্ধি করেছে। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই উপাচার্যের অপসারণ দাবি করেন। এ ছাড়া আমরা খেয়াল করেছি, বিশ্ববিদ্যালয়ের একটা বড় ছাত্র সংগঠন ছাত্রলীগের মধ্যে অস্থিরতা বিরাজ করছে, এর কারণ প্রকল্পের দুর্নীতি।

লিখিত বক্তব্যে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের' সংগঠক মিখা পিরেগু বলেন, 'দুর্নীতিগ্রস্ত ও হামলাবাজ' উপাচার্যকে অপসারণ করে এবং দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের রাষ্ট্রীয় আইনে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, একজন উপাচার্য যিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করতে অপারগ, পুরো প্রশাসন যিনি ভারপ্রাপ্ত দিয়ে নতজানু করে রেখেছেন এবং একের পর এক শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা দায়ের করছেন, তিনি আর যাই হোক কোনোভাবেই একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকতে পারেন না। এ অবস্থায় আমরা আমাদের নৈতিক ভিত্তি থেকে চলমান দুর্নীতিবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক জামাল উদ্দিন রনু, অধ্যাপক তারেক রেজা, শাকিল উজ্জামান, নজির আমিন চৌধুরী জয়, শহিদুল ইসলাম পাপ্পু, রাকিবুল রনি, শোভন রহমান, মাহাথির মুহাম্মদ ও আবু সাঈদ।

আরও পড়ুন

×