কেরানীগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে: আমান
ছবি: সমকাল
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ২২:৪০
ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান বলেছেন, দক্ষ ও শক্তিশালী মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতে বিনিয়োগ বাড়াচ্ছে। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষা সম্প্রসারণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চলছে।
শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পুরাতন ভাড়ালিয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, শিক্ষা খাতকে দক্ষ মানবসম্পদ গঠনের প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করে সরকার এ খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে। শিক্ষাখাতে বর্তমান সরকারের বাজেট অতীতের সব সরকারকে ছাড়িয়ে গেছে। শিক্ষা খাতের পাশাপাশি স্বাস্থ্য, কৃষি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নেও সরকার কাজ করছে। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীরা স্কুলব্যাগ, স্কুল ড্রেস ও উপবৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে।
তিনি আরও বলেন, কেরানীগঞ্জকে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতা, চাঁদাবাজিমুক্ত শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে। সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান। এছাড়া বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- আমানউল্লাহ আমান
- কেরানীগঞ্জ
