মেসির ভাস্কর্য ঘিরে বিতর্ক, ‘এটা কে অনুমোদন করল’
আর্জেন্টিনায় মেসির ভাস্কর্য উন্মোচন। ছবি: এক্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ২৩:১৩
পাটাগোনিয়া, আর্জেন্টিনার একটি ছোট্ট প্রান্তিক শহর। সেখানে ১৬ জুন লিওনেল মেসির ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। মেসির ৮৫ ফুটের ওই ভাস্কর্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের ওই ভাস্কর্য অনেক ভক্তের পছন্দ হয়নি।
ভক্তরা ভাস্কর্য দেখতে ভিড় করলেও এর গঠন, মুখাবয়ব এমনকি বিশ্বকাপের শিরোপার অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এক ভক্ত তো প্রশ্নই করেছেন, মেসির এই ভাস্কর্য যে উন্মোচন হলো, এটা অনুমোদন করেছেন কে? আরেক ভক্ত আরও কড়া কথা বলেছেন। তার মতে- মেসির মতো বিখ্যাত একজনের এমন ভাস্কর্য বানানোয় মানহানীর মামলা করা উচিত।
পাটাগোনিয়ায় মেসির ভাস্কর্য তৈরিতে ৭০ টন স্টিল ও লোহা ব্যবহার করা হয়েছে। উন্মোচিক ভাস্কর্যে দেখা যাচ্ছে হাঁটু মুড়ে বড় রাস্তার ঠিক ওপরেই আলবিসেলেস্তেদের নাম্বার টেন বসে আছেন। সামনের দিকে হাত বাড়ানো। পায়ের সামনে রাখা বিশ্বকাপ ট্রফি। রাস্তায় আসা ভক্ত, পথচারীদের যেন স্বাগত জানাচ্ছেন লিও।
ভক্তদের দাবি, ভাস্কর্যের সঙ্গে মেসির মুখের ঠিক মিল নেই। কোমর থেকে নীচের দিক মোটা করা হয়েছে। মাথার দিকে চিকন, গলা লম্বা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে, কাউকে একটা আর্জেন্টিনার জার্সি পরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে।
মেসির ভাস্কর্য এক্সে শেয়ার করে ভেদ ফ্রস্ট নামের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘আমি যদি মেসির মতো বিখ্যাত হতাম এবং কেউ আমার এমন ভাস্কর্য বানানো, আমি নিশ্চিত তার বিরুদ্ধে মানহানী মামলা করতাম।’ অন্য একজন লিখেছেন, ‘মনে হচ্ছে কেউ একজন মেসির গলা চিপে ধরেছে। আর শিরোপা ওখানে রাখার মানে কী। ডান দিক থেকে বোঝার উপায় নেই মেসি বিশ্বকাপ নিয়ে উদযাপন করছেন। এটা অনুমোদন হলো কীভাবে?’
মেসির ভাস্কর্য বানানো ৬১ বছর বয়সী আলদো বেরোইসার মতে, ভাস্কর্যের সঙ্গে মেসির চেহারার মিল থাকা অতো জরুরি না। যে কেউ বুঝবে এটা মেসি, ‘সে আর্জেন্টিনার সবচেয়ে বড় শুভেচ্ছাদূত। শিল্পি হিসেবে নয়, একজন আর্জেন্টাইন হিসেবে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ কাজ।’
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
