বেবিচকের প্রধান প্রকৌশলীসহ ৬ জনকে দুদকে তলব
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৪৩ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৫৩
অনিয়ম, দুর্নীতি, প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীসহ শীর্ষস্থানীয় ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বেবিচকের চেয়ারম্যানের কাছে পাঠানো দুদকের এক চিঠিতে তাদের ২০ ও ২৩ ফেব্রুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম তাদের অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। টিমের অন্য দুই সদস্য হলেন উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান ও সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার।
বেবিচকের চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে তাদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বলা হয়, এই ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, প্রকল্পের টাকা আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
আগামী ২০ ফেব্রুয়ারি অভিযুক্ত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা হলেন- বেবিচকের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম মাকসুদুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম। এর আগেও বেবিচকের প্রধান প্রকৌশলীকে দুর্নীতির অভিযোগে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বাকি তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। তারা হলেন- নির্বাহী প্রকৌশলী মো. শহীদুজ্জামান, মো. মোকাব্বর আলী ও যশোর বিমানবন্দরের উপসহকারী প্রকৌশলী কাজী বায়েজিদ আহমেদ।
দুদক আইনের ১৯ ও ২০ ধারা এবং কমিশন বিধিমালার ২০ বিধিসহ ফৌজদারী কার্যবিধির ১৬০ ধারামতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
বরখাস্ত হওয়া কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়ে ও ৩য় সংশোধিত) প্রকল্প পরিচালক মো. আমিনুল হাসিবকে জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী সময়ে ডাকা হবে।
