ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

একুশে পদক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

একুশে পদক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
×

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিরা- ফোকাস বাংলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০০:২২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:১৮

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০ বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে এবার ‘একুশে পদক-২০২০’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই বেসামরিক পুরস্কারের সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন তিনি। খবর ইউএনবির

এবছর একুশে পদকপ্রাপ্তরা হলেন- ভাষা আন্দোলনে আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর), শিল্পকলায় (সংগীত) বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক, শিল্পকলায় (নৃত্য) মো. গোলাম মোস্তফা খান, শিল্পকলায় (অভিনয়) এম এম মহসীন, শিল্পকলায় (চারুকলা) অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান, মুক্তিযুদ্ধে প্রয়াত হাজি আক্তার সরদার (মরণোত্তর), প্রয়াত আব্দুল জব্বার (মরণোত্তর), প্রয়াত ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) (মরণোত্তর), সাংবাদিকতায় জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর), গবেষণায় ড. জাহাঙ্গীর আলম, হাফেজ কারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ, শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম, সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, প্রয়াত সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও বেগম নাজমুন নেসা পিয়ারি এবং চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার। পাশাপাশি ‘গবেষণা’য় একুশে পদক পেয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

পদক বিজয়ীদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, সনদ এবং ২ লাখ টাকা করে দেওয়া হয়।

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পুরস্কারপ্রাপ্তদের সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং সংস্কৃতি বিষয়ক সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল স্বাগত বক্তব্য দেন।

এ সময় অন্যদের মধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, সাহিত্যিক, কবি, শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, বিগত বছরে একুশে পদক বিজয়ী এবং উচ্চপদস্থ বেসামারিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৫ ফেব্রুয়ারি একুশে পদক বিজয়ীদের নাম ঘোষণা করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।



আরও পড়ুন

×