ইরানের বিদায়, শেষ মুহূর্তের নাটকীয়তায় নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১০:১৯ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ১০:৫৩
আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচের অতিরিক্ত সময়ে যা হলো তা হয়তো কোনো চিত্রনাট্যকেও হার মানাবে। নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় থাকা ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে এগিয়ে গিয়েছিল আলজেরিয়া। এই গোল স্বপ্ন দেখাচ্ছিল ইরানকেও। কিন্তু ৩ মিনিটের ব্যবধানে ইরানের সেই স্বপ্ন ভেঙে দিল অস্ট্রিয়া। ৯৬ মিনিটে গোল করে আবারও সমতায় ফেরে অস্ট্রিয়া। শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
ফলে সমান ৪ পয়েন্ট করে নিয়ে নকআউটের টিকিট পেয়েছে দুই দলই। অন্যদিকে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় নবম স্থানে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ইরান। নকআউট পর্বে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। আর আলজেরিয়া খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। অথচ ম্যাচটি ড্র না হয়ে যেকোনো ফল এলেই ভাগ্য খুলে যেত ইরানের। বিশ্বকাপ থেকে বাদ পড়তো পরাজিত দল।
রোববার (২৮ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আলজেরিয়া ও অস্ট্রিয়া। ম্যাচের ২৮ মিনিটে চমৎকার গোলে অস্ট্রিয়াকে এগিয়ে নেন মার্কো আরনাউটোভিচ। কিন্তু বিরতির ঠিক আগে রফিক বেলঘালির গোলে সমতায় ফিরে নিজেদের নকআউটের আশা বাঁচিয়ে রাখে আলজেরিয়া।
একই দৃশ্য দেখা যায় দ্বিতীয়ার্ধেও। ৫৫ মিনিটে মার্সেল সাবিৎসারের গোলে আবার লিড নেয় অস্ট্রিয়া। কিন্তু মাত্র ৫ মিনিটের মাথায় রিয়াদ মাহরেজের গোলে ফের সমতায় ফেরে আলজেরিয়া।
২-২ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। কিন্তু সবাইকে চমকে দিয়ে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবারও গোলের দেখা পান মাহরেজ। এই গোলের বিদায়ের দ্বারপ্রাণতে চলে গিয়েছিল অস্ট্রিয়া। কিন্তু কে জানতো রোমাঞ্চ তখনও বাকি! উপায়ন্ত না পেয়ে শেষ মিনিটে সাশা কালাইডজিচকে মাঠে নামান অস্ট্রিয়া কোচ। আর মাঠে নেমে তিনিই করেন বাজিমাত। বলে নিজের প্রথম ছোঁয়াতেই দুর্দান্ত হেডে সমতাসূচক গোল করে অস্ট্রিয়াকে ম্যাচে ফেরান কালাইউডিচ। এই গোলে আলজেরিয়ার সঙ্গে নকআউটের টিকিট পেয়ে যায় অস্ট্রিয়া।
এর আগে শনিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইরান। এতে গ্রুপে তৃতীয় হলেও শেষ বত্রিশে ওঠার আশা টিকে ছিল তাদের। কিন্তু ইরানের সেই আশায় প্রথম ধাক্কা আসে উজবেকিস্তানের বিপক্ষে ডিআর কঙ্গোর জয়ে। এরপর ইরানের ভাগ্য নির্ভর করছিল ‘জে’ গ্রুপের আলজেরিয়া ও অস্ট্রিয়া ম্যাচের ওপর। এই ম্যাচে যেকোনো একটি দল জিতলেই ইরানের নকআউট নিশ্চিত হতো। কিন্তু শেষ মুহূর্তের রোমাঞ্চ আর উত্তেজনায় ম্যাচটি সমতায় শেষ হয়।
- বিষয় :
- ইরান
- আলজেরিয়া
- অস্ট্রিয়া
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
