ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

১৬ দলের বিদায়, চূড়ান্ত শেষ ৩২

নকআউটে কে কার প্রতিপক্ষ, কবে কখন ম্যাচ

নকআউটে কে কার প্রতিপক্ষ, কবে কখন ম্যাচ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১১:৪১ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ১১:৫৬

চুলচেরা হিসাব-নিকাশ আর গ্রুপ পর্বের নাটকীয়তা শেষে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের। ৪৮ দলের টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ১৬টি দল। আর ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ২৪ দলের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল জায়গা করে নিয়েছে শেষ বত্রিশে।

আজ রাত থেকেই মাঠে গড়াচ্ছে নকআউট পর্বের বাঁচা-মরার লড়াই। এখান থেকে আর ড্র কিংবা পয়েন্ট ভাগাভাগির সুযোগ নেই। নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে হবে অতিরিক্ত সময়, এরপরও নিষ্পত্তি না হলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। যে দল হারবে, সেখানেই শেষ হবে তাদের বিশ্বকাপ অভিযান। কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, তার পথচলা শুরু হচ্ছে এই শেষ ৩২-এর জমজমাট লড়াই দিয়েই।

এক নজরে দেখে নিন শেষ বত্রিশের প্রতিপক্ষ ও সূচি-

দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা (২৮ জুন দিবাগত রাত ১টা): গ্রুপ ‘এ’ থেকে রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘বি’র রানার্সআপ কানাডা। দুই দলই ৪ পয়েন্ট নিয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে।

ব্রাজিল বনাম জাপান (২৯ জুন, রাত ১১টা): গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে এশিয়ার শক্তিশালী দল জাপান। গ্রুপ ‘এফ’ থেকে রানার্সআপ হয়ে শেষ বত্রিশে উঠেছে জাপান।

জার্মানি বনাম প্যারাগুয়ে (২৯ জুন দিবাগত রাত ২:৩০ মিনিট): গ্রুপ ‘ই’ চ্যাম্পিয়ন জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে। গ্রুপ ‘ডি’ থেকে ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে নকআউটে উঠেছে লাতিন আমেরিকার দলটি।

নেদারল্যান্ডস বনাম মরক্কো (৩০ জুন, সকাল ৭টা): গ্রুপ ‘এফ’ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের প্রতিপক্ষ মরক্কো। গ্রুপ ‘সি’ থেকে রানার্সআপ হয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি।

আইভরি কোস্ট বনাম নরওয়ে (৩০ জুন, রাত ১১টা): গ্রুপ ‘ই’ থেকে রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে আইভরি কোস্ট। তাদের সামনে আর্লিং হালান্ডের নরওয়ে, যারা গ্রুপ ‘আই’ থেকে রানার্সআপ হয়েছে।

ফ্রান্স বনাম সুইডেন (৩০ জুন দিবাগত রাত ৩টা): তিন ম্যাচেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ সেরা তৃতীয় স্থান অধিকারী দল সুইডেন।

মেক্সিকো বনাম ইকুয়েডর (১ জুলাই, সকাল ৭টা): স্বাগতিক মেক্সিকো গ্রুপ ‘এ’ থেকে তিন ম্যাচেই জিতে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের প্রতিপক্ষ সেরা তৃতীয় স্থান অধিকারী দল ইকুয়েডর।

ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো (১ জুলাই, রাত ১০টা): গ্রুপ ‘এল’ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সামনে আফ্রিকার চমক ডিআর কঙ্গো। সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করেছে কঙ্গো।

বেলজিয়াম বনাম সেনেগাল (১ জুলাই দিবাগত রাত ২টা): গ্রুপ ‘জি’ চ্যাম্পিয়ন বেলজিয়ামের প্রতিপক্ষ সেনেগাল। ৩ পয়েন্ট নিয়েও সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে নকআউটে উঠেছে আফ্রিকার দলটি।

যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা (২ জুলাই, সকাল ৬টা): স্বাগতিক যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ডি’ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে উঠেছে। তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা, যারা সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে জায়গা করে নিয়েছে।

স্পেন বনাম অস্ট্রিয়া (২ জুলাই দিবাগত রাত ১টা): গ্রুপ ‘এইচ’ চ্যাম্পিয়ন স্পেনের সামনে অস্ট্রিয়া। গ্রুপ ‘জে’ থেকে রানার্সআপ হয়ে শেষ বত্রিশে উঠেছে অস্ট্রিয়ানরা।

অস্ট্রেলিয়া বনাম মিসর (৩ জুলাই দিবাগত রাত ১২টা): গ্রুপ ‘ডি’ থেকে রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে অস্ট্রেলিয়া। তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘জি’র রানার্সআপ মিসর।

পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া (৩ জুলাই, ভোর ৫টা): গ্রুপ ‘কে’ থেকে রানার্সআপ হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। শেষ বত্রিশে তাদের সামনে কঠিন পরীক্ষা, লুকা মডরিচের ক্রোয়েশিয়া।

সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া (৩ জুলাই, সকাল ৯টা): গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের প্রতিপক্ষ আলজেরিয়া। শেষ দিনের নাটকীয়তায় সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে নকআউট নিশ্চিত করেছে উত্তর আফ্রিকার দলটি।

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে (৪ জুলাই, ভোর ৪টা): পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জে’ চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের সামনে টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক কেপ ভার্দে, যারা তিনটি ড্র করে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউটে উঠেছে।

কলম্বিয়া বনাম ঘানা (৪ জুলাই, সকাল ৭:৩০ মিনিট): গ্রুপ ‘কে’ চ্যাম্পিয়ন কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা। সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করেছে ব্ল্যাক স্টার্সরা।

আরও পড়ুন

×