বিভাগের নাম পরিবর্তন ও বিষয় কোড দাবিতে অনশনে রাবি শিক্ষার্থীরা
অনশনে রাবি শিক্ষার্থীরা- সমকাল
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৩৩
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) বিষয়ের কোড অন্তর্ভুক্তির দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা বিভাগের নাম পরিবর্তন ফলিত পরিসংখ্যান রাখারও দাবি জানান।
বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এর আগে দাবি আদায়ে গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর সাড়ে ১২টার সময়ও তাদের অনশন চলছিল।
অনশনরত শিক্ষার্থীরা বলেন, বিভাগ প্রতিষ্ঠার ২৪ বছর পেরিয়ে গেলেও পিএসসিতে বিষয় কোড অন্তর্ভুক্ত হয়নি। ফলে আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হতে হচ্ছে। পিএসসি অধীনস্থ উচ্চ বিদ্যালয়ের নন-ক্যাডার পদগুলোতেও আমরা যেতে পারি না। নন-ক্যাডার পদগুলোতে তালিকায় প্রথম হয়েও আমরা বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরে চাকরি করতে পারি না। এ ছাড়া দেশের সবচেয়ে সহজলভ্য গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ থেকেও বঞ্চিত হতে হচ্ছে আমাদের।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিষয় কোড অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছি। কিন্তু কেবল আশ্বাস ছাড়া কিছুই পাইনি। পিএসসি’র উর্ধ্বতন কর্মকর্তারা ৪১তম বিসিএস-এ বিষয় কোড অন্তর্ভুক্ত করা হবে বলে আমাদের শিক্ষকদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু তা করা হয়নি।
