রেমিট্যান্স গ্রহণে বিকাশ ও মাস্টারকার্ডের চুক্তি স্বাক্ষর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ২২:৫৬
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা রেমিট্যান্স আরো সহজে ও দ্রুততার সঙ্গে বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে দিতে বিকাশ ও মাস্টারকার্ডের চুক্তি স্বাক্ষর হয়েছে। মাস্টারকার্ড মুভের মাধ্যমে বিকাশ গ্রাহকের অ্যাকাউন্টে সরাসরি রেমিট্যান্স পৌঁছে যাবে। এই অংশীদারিত্বের আওতায় মাস্টারকার্ডের সঙ্গে সংযুক্ত ব্যাংক ও অনুমোদিত মানি ট্রান্সফার অপারেটরগুলোর মাধ্যমে পাঠানো অর্থ সরাসরি বিকাশ ওয়ালেটে গ্রহণ করা যাবে।
রেমিট্যান্সের অর্থ ব্যবহার করে গ্রাহকরা বিকাশেল মাধ্যমেই বিভিন্ন পণ্য ও সেবার পেমেন্ট, গ্যাস, বিদ্যুৎ, পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ এবং বিকাশ সেভিংস অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন ধরনের সেবা ঘরে বসেই নিতে পারবেন। পাশাপাশি, দেশজুড়ে ছড়িয়ে থাকা ৩ লাখ ৫০ হাজারেরও বেশি বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে সহজেই ক্যাশ আউট সুবিধা নিতে পারবেন। ফলে বাংলাদেশের লাখো গ্রাহকের জন্য রেমিট্যান্স গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হবে।
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, নিরাপদ, তাৎক্ষণিক এবং নিরবচ্ছিন্ন রেমিট্যান্স সেবার মাধ্যমে বিকাশ প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের আস্থা অর্জন করেছে। এ ধারাবাহিক প্রচেষ্টার ফলে সাম্প্রতিক বছরগুলোতে বিকাশ লাখো প্রবাসী বাংলাদেশির কাছে রেমিট্যান্স গ্রহণের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশে বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, মাস্টারকার্ডে আমরা এমন একটি পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছি, যা দ্রুত, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক। বিকাশের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষ সরাসরি মোবাইল ওয়ালেটে কিংবা বিভিন্ন ক্যাশ পিক-আপ পয়েন্টের মাধ্যমে এখন আরও সহজে বিদেশ থেকে অর্থ গ্রহণ করতে পারবেন। একসঙ্গে আমরা ক্রস-বর্ডার পেমেন্টের সুযোগ সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিতে কাজ করছি। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- বিকাশ
- মাস্টারকার্ড
