‘পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জন্য বাংলাদেশকে উচ্চ ক্ষমতাসম্পন্ন চুল্লি দেওয়া হবে’
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রোসাটম মহাপরিচালক আলেক্সি লিখাচেভ - বাসস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২২ | ০৬:২৪ | আপডেট: ২০ অক্টোবর ২০২২ | ০৬:৩৩
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থার (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জন্য বাংলাদেশকে উচ্চ ক্ষমতাসম্পন্ন চুল্লি দেওয়া হবে। এ ছাড়া আগামী বছরের অক্টোবরে রূপপুর পাওয়ার প্লান্টের (আরএনপিপি) জন্য তাজা পরমাণু জ্বালানি বাংলাদেশে আসবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। খবর বাসসের
রোসাটম মহাপরিচালক প্রধানমন্ত্রীকে জানান, তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে বাংলাদেশে তাজা পরমাণু জ্বালানির আগমন উদযাপন করতে চান। তারা আরএনপিপির জন্য বাংলাদেশি জনশক্তিকে প্রশিক্ষণ দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া বাংলাদেশে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণা চালাতে আগ্রহী। এছাড়াও রাশিয়া বাংলাদেশে পরমাণু শাসনের অবকাঠামো নির্মাণে সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।
বৈঠকের শুরুতে আলেক্সি লিখাচেভ আরএনপিপির কাজের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত এবং ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারি চলাকালীন সহায়তা প্রদান এবং পুরোদমে নির্মাণকাজ অব্যাহত রাখার জন্য রাশিয়ার প্রতি, বিশেষ করে রোসাটম ডিজিকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহায়তার জন্য রাশিয়ার প্রশংসা করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশি কর্মীরা যাতে স্বাধীনভাবে আরএনপিপি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সক্ষম হতে পারে সেজন্য রাশিয়ান স্টেকহোল্ডারদের জনশক্তি উন্নয়নের ওপর জোর দেওয়ার আহ্বান জানান। পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী রোসাটম ডিজিকে অনুরোধ জানান।
এ সময় অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিতস্কি প্রমুখ উপস্থিত ছিলেন।
