গডফাদার ধরতে ২২ জেলায় দুদকের গোয়েন্দা নিযুক্ত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৯:২১
অপরাধ জগতের গডফাদারদের ধরতে দেশের ২২ জেলায় গোয়েন্দা কর্মকর্তা নিযুক্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সহকারী পরিচালক পদমর্যাদার এই ২২ কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে।
সারাদেশে দুদকের ২২টি সমন্বিত জেলা কার্যালয় রয়েছে। এসব কার্যালয় থেকে ৬৪ জেলায় দুর্নীতি দমন ও প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ২২ গোয়েন্দা কর্মকর্তাও সমন্বিত জেলা কার্যালয়গুলোয় অবস্থান করে ৬৪ জেলায় গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবেন। দুদকের গোয়েন্দা ইউনিটের দায়িত্বে আছেন পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ গণমাধ্যমকে বলেন, পক্ষপাতহীন গোয়েন্দা তথ্যের মাধ্যমে দুর্নীতির বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করা সহজ হবে। এর মাধ্যমে অনুপার্জিত আয় অর্জনকারীদের সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে। ফলে অনুপার্জিত আয় ভোগ করার পথ আরও কণ্টকাকীর্ণ হবে।
দুদকের ২২ গোয়েন্দা বিভিন্ন জেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভ্যাট-ট্যাক্স ফাঁকি, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, বিভিন্ন অনৈতিকতার মাধ্যমে যে বা যারা অবৈধ সম্পদ অর্জন করছেন, তাদের সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করে প্রধান কার্যালয়ে পাঠাবেন। আধুনিক গোয়েন্দা ব্যবস্থাপনায় যেভাবে তথ্য বিন্যাস করা হয়, ঠিক একইভাবে এসব তথ্য সংরক্ষণ করা হবে। সমাজের কুখ্যাত, দাগি ব্যক্তিদের প্রতি বিশেষভাবে নজর রাখা হবে।
গোপনীয় বিশেষ কোডের মাধ্যমে গোয়েন্দারা কমিশনে তথ্য পাঠাবেন। কমিশনের প্রধান কার্যালয়ের গোয়েন্দা শাখা এসব তথ্য নিয়মিত কমিশনে উপস্থাপন করবে। পূর্ণাঙ্গ কমিশন তথ্যগুলো বিচার-বিশ্নেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গোয়েন্দা কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য পরিচালক পদমর্যাদার আরও আট কর্মকর্তাকে শিগগির নিয়োগ দেওয়া হবে।
গত ৬ ফেব্রুয়ারি দুদকের এক অনুষ্ঠানে ২২ জেলায় গোয়েন্দা নিযুক্ত করার ঘোষণা দিয়েছিলেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
- বিষয় :
- গোয়েন্দা নিযুক্ত
- দুর্নীতি দমন কমিশন
- দুদক
