ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শিক্ষার্থীদের উচিত নৈতিকতা ও জ্ঞান অর্জন করা: হাসান আজিজুল হক

শিক্ষার্থীদের উচিত নৈতিকতা ও জ্ঞান অর্জন করা: হাসান আজিজুল হক
×

অনুষ্ঠানে প্রধান অতিথি কথাসাহিত্যিক হাসান আজিজুল হক- সমকাল

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২০ | ১০:৩৪

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, 'আজকে শিক্ষার্থীরা নৈতিকতা ভুলে যাচ্ছে। তারা কেবল সার্টিফিকেট-নির্ভর শিক্ষার দিকে ঝুঁকছে। অথচ তারা ভুলে গেছে সার্টিফিকেট বেশিদিন কাজে লাগে না।'

শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঠক ফোরামের নবীনবরণ ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান আজিজুল হক বলেন, 'সার্টিফিকেট জীবিকার জন্য, চাকরি পাওয়ার জন্য সাময়িক কাজে লাগে। শিক্ষার্থীদের উচিত নৈতিকতা ও জ্ঞান অর্জন করা। জ্ঞানের শিখা সারাজীবন কাজে লাগে।'

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয় একটি সুইমিং পুলের মতো আর তোমরা সেই পুলের স্বচ্ছ পানি। সুইমিং পুলে মানুষ সাঁতার কাটে; পানি বেশিদিন হলে সেটি বের করে দিয়ে আবার নতুন পানি দেয়। তেমনি যারা এই বিশ্ববিদ্যালয়ে আসে, তারা লেখাপড়া শেষ করে চলে যায়, আবার তোমাদের মতো নতুনদের জায়গা দেওয়া হয়।' তরুণ শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এ সময় সবার প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পাঠক ফোরামের উপদেষ্টা অধ্যাপক আনন্দ কুমার সাহা, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা কেএম আরিফ উদ্দিন (আরিফ হাসনাত) প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আলীম।

অনুষ্ঠানের শুরুতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে রাবিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্টৃ্কত করা হয় এবং ফুল ছিটিয়ে সবাইকে বরণ করে নেওয়া হয়।

রাবির পাঠক ফোরাম সম্পূর্ণ অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১৯৮৯ সালে এর প্রতিষ্ঠা। একাডেমিক লেখাপড়ার বাইরে বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা।

আরও পড়ুন

×