ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ঋণ-আমানতে সুদহারের ব্যবধান ফের ৪ শতাংশে

ঋণ-আমানতে সুদহারের ব্যবধান ফের ৪ শতাংশে
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ২২:৫৫

ঋণ ও আমানতের মধ্যে সুদহারের গড় ব্যবধান বা স্প্রেড ফের সর্বোচ্চ ৪ শতাংশ নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক। ঋণের সুদহার যৌক্তিক করতে ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া অন্যক্ষেত্রে এখন থেকে এ সীমা মানতে হবে। সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়। 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ মে মাসের তথ্য অনুযায়ী, ব্যাংকগুলো গড়ে ৬ দশমিক ২২ শতাংশ আমানত নিয়েছে। আর ঋণ বিতরণ করেছে গড়ে ১১ দশমিক ৯২ শতাংশ। এতে করে স্প্রেড ঠেকেছে ৫ দশমিক ৭০ শতাংশ। কোনো কোনো ব্যাংকের স্প্রেড ৯ শতাংশের ওপরে রয়েছে।

ব্যাংকগুলোর স্প্রেড এর আগেও এক সময় ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি শুরুর পর ২০২৩ সালের নভেম্বর এক নির্দেশনার মাধ্যমে স্প্রেডে ৪ শতাংশের সীমা প্রত্যাহার করা হয়।

সোমবারের সার্কুলারে বলা হয়েছে, উৎপাদনশীল খাতসহ বিভিন্ন খাতে ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে নির্ধারণের লক্ষ্যে ক্রেডিট কার্ড ও ভোক্তাঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ এবং আমানতের গড়ভারিত সুদ হারের ব্যবধান বা স্প্রেড ৪ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে।

নির্দেশনার শুরুতে উল্লেখ করা হয়েছে, সুদহার নির্ধারণে রেফারেন্স রেট ও মার্জিনভিত্তিক ঋণের সুদহার (স্মার্ট) পদ্ধতি চালুর পর স্প্রেড সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের মে মাসে সম্পূর্ণ বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এরপরও নতুন করে আর স্প্রেড সংক্রান্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক ব্যাংকে আমানতের সুদহারের তুলনায় ঋণের সুদ অনেক বেশি নির্ধারণের ফলে স্প্রেড অনেক বেড়েছে। ব্যবসা ও শিল্প প্রবৃদ্ধিকে যা বাধাগ্রস্ত করছে।

আরও পড়ুন

×