আইইডিসিআরের তথ্য
কুয়েত যেতে করোনামুক্ত সনদের প্রয়োজন নেই
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২০ | ১১:১৫
কুয়েতে যেতে বাংলাদেশি নাগরিকদের স্বাস্থ্য সনদের প্রয়োজন নেই বলে জানিয়েছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুক্রবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, কুয়েত সরকার ও স্থানীয় কুয়েত দূতাবাসের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশি নাগরিকদের কুয়েত যেতে 'করোনাভাইরাস নেই' স্বাস্থ্য সনদের প্রয়োজন নেই।
বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে সম্প্রতি কুয়েত সরকার ঘোষণা করে, ৮ মার্চের পর করোনামুক্ত সনদ ছাড়া কেউ কুয়েতে প্রবেশ করতে পারবে না। তাদের এই ঘোষণায় কুয়েতগামী কয়েকশ' বাংলাদেশি বিপাকে পড়েন। তারা গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলও করেছেন। এরপর স্বাস্থ্য অধিদপ্তর তাদের শনিবার স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। কুয়েত সরকারের সঙ্গে আলোচনার পর জানানো হয়, বাংলাদেশি নাগরিকরা করোনামুক্ত স্বাস্থ্য সনদ ছাড়াই দেশটিতে যেতে পারবেন।
ডা. ফ্লোরা বলেন, সিঙ্গাপুর, আরব আমিরাত, ইতালি ছাড়া অন্য কোনো দেশে এখন পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হননি। সিঙ্গাপুরের হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ব্যক্তির অবস্থা অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া চীনের উহান শহর থেকে ভারতে আসা ২৩ বাংলাদেশিকে সে দেশের রাজধানী দিল্লি থেকে ৪০ মাইল দূরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মোংলা বন্দরে জাহাজে জ্বরে আক্রান্ত বিদেশি নাবিকদের বিষয়ে পরিচালক বলেন, সেখানে পর্যবেক্ষণে রাখা বিদেশি জাহাজের তিন নাবিকের মধ্যে দু'জনের জ্বর সেরে গেছে। আরেকজনের শরীরে জ্বর থাকলেও তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন। তারা সবাই ফিলিপাইনের নাগরিক। বর্তমানে জাহাজটি বন্দরের বাইরে সমুদ্রে নোঙর করে আছে এবং আক্রান্তদের জাহাজের মধ্যে পৃথকভাবে রাখা হয়েছে। সন্দেহভাজনদের কোয়ারেন্টাইনের নির্দিষ্ট ১৪ দিনের সময়সীমা শেষ হয়েছে। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে তাদের আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ডা. ফ্লোরা বলেন, দেশে এ পর্যন্ত ১১১ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। বিমানবন্দর, সমুদ্র ও স্থলবন্দরে বিদেশ থেকে আসা সব যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।
পরিচালক বলেন, দেশের কোনো কোনো স্থানে রোগী ও তাদের স্বজনরা করোনাভাইরাস পরীক্ষার জন্য দায়িত্বরত চিকিৎসকদের ওপর চাপ প্রয়োগ করছেন। দায়িত্বরত চিকিৎসকরা আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হলেই করোনাভাইরাস পরীক্ষার জন্য রোগীর নমুনা সংগ্রহ করেন। সুতরাং চিকিৎসকদের ওপর অযথা চাপ প্রয়োগ না করতে সবার প্রতি তিনি আহ্বান জানান।
- বিষয় :
- আইইডিসিআর
- করোনাভাইরাস
- কুয়েত
