ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

শিকল টেনে ট্রেন থামালে ৫০০০ টাকা জরিমানা

শিকল টেনে ট্রেন থামালে ৫০০০ টাকা জরিমানা
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ | ০৭:০০

জরুরি প্রয়োজনে ট্রেন থামাতে রয়েছে শিকল। ১৮৯০ সালের রেল আইনে বিনা কারণে শিকল টানলে জরিমানা ২০০ টাকা। সময়ের ব্যবধানে টাকার মান কমায় এই জরিমানা এখন সামান্য। ফলে যাত্রীরা পছন্দের স্থানে নামতে শিকল টেনে ট্রেন থামাচ্ছে। চোরাকারবারিরা পণ্য ওঠাচ্ছে, নামাচ্ছে। এসব রোধে জরিমানা বাড়িয়ে ৫ হাজার টাকা করার প্রস্তাব করেছে রেল মন্ত্রণালয়।

রেলের পশ্চিমাঞ্চলের পরিসংখ্যান অনুযায়ী, শিকল টেনে বা হোস পাইপ সংযোগ বিচ্ছিন্ন করে গত দুই মাসে ট্রেন থামানোর ঘটনা ঘটেছে ৩৩ বার। এর মধ্যে রেলের পাকশী বিভাগে এ ঘটনা ঘটেছে ৩১ বার। এতে ডিসেম্বরে এক ঘণ্টা ৫৮ মিনিট বিলম্ব হয়েছে ট্রেন চলাচলে। নভেম্বরে বিলম্ব হয়েছে ৪৫ মিনিট। ২০২১ সালের ডিসেম্বরে পাকশী বিভাগে ২০ বার ট্রেন থামানো হয়। লালমনিরহাট বিভাগে থামানো হয় দুই বার। এতে দুই ঘণ্টা ২৭ মিনিট ট্রেন বিলম্ব করে।

১২৩ বছরের পুরোনো রেল আইন সংশোধন করা হচ্ছে। সংশোধনীতে জরিমানা বৃদ্ধির প্রস্তাব করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী বলেন, চোরাকারবারিদের মাধ্যমে ট্রেন থামানোর ঘটনা কম। পশ্চিমাঞ্চলে কিছু আছে। যাত্রীরা অনির্ধারিত স্থানে ট্রেন থামাতে শিকল টানে। রেল সূত্র জানায়, শিকল টেনে এবং হোস পাইপ সংযোগ বিচ্ছিন্ন করে ট্রেন থামানোর ঘটনা সম্প্রতি বেড়েছে। হঠাৎ চলতি ট্রেন থেমে যাচ্ছে। শিকল টানলে ইঞ্জিনে বাতাসের চাপ কমে যায়, ফলে ট্রেন এগোতে পারে না।

আরও পড়ুন

×