আবরার হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে
আবরার ফাহাদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০৬:৫৮
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার ঘটনায় দায়ের করা মামলা মহানগর দায়রা জজ আদালত থেকে ঢাকার দ্রুত বিচার এক নম্বর ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়।
আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার এ সংক্রান্ত ফাইলে অনুমোদন দেন। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন আইনমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম।
আবরার হত্যাকাণ্ডের পর তার পরিবার আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এবং মামলাটির গুরুত্ব বিবেচনা করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে অনুরোধ জানিয়েছিল। এরই ধারাবাহিকতায় আইনমন্ত্রী মামলাটি স্থানান্তর করেন। আগামী ১৮মার্চ অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করতে গত ১৭ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়। ওইদিন ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনটি জমা দেন আববারের বাবা ও মামলার বাদী বরকতউল্লাহ।
আবেদনে আবরারের বাবা বলেন, মামলাটির বিচারকার্য বিলম্বিত হলে সাক্ষীদের বৈরিতাসহ ন্যায়বিচার বঞ্চিত হওয়ার আশঙ্কা করছি। মামলার বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হলে দ্রুততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। পরদিন আবরারের বাবা ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন।
- বিষয় :
- বুয়েট
- আবরার হত্যা
- আবরার ফাহাদ
