ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ধর্ষণ মামলার আসামিকে জামিন, বিচারককে তলব

ধর্ষণ মামলার আসামিকে জামিন, বিচারককে তলব
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০৬:৫৮ | আপডেট: ১২ মার্চ ২০২০ | ০৭:০১

সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও ধর্ষণ মামলার আসামিকে জামিন দেওয়ায় ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারককে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ২ এপ্রিল তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে আসামি আসলাম শিকদারকে দেওয়া ট্রাইব্যুনালের জামিন আদেশ বাতিল করেন আপিল বিভাগ। পাশাপাশি আসামি আসলাম শিকদারকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।এসময় আসামিপক্ষে আইনজীবী আব্দুল মান্নান মোহন উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, রাজধানীর হাতিরঝিল থানায় এক নারীকে ধর্ষণের অভিযোগে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার সাবেক প্রোগাম প্রডিউসার আসলাম শিকদারের বিরুদ্ধে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর মামলা করা হয়। ওদিনই তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। ২০১৮ সালের ১৪ নভেম্বর অভিযোগপত্র দেওয়া হয় এবং ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করা হয়।

গত বছর ১৮ জুন হাইকোর্ট তাকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ জুন আপিল বিভাগের চেম্বার আদালত আসলামের জামিন স্থগিত করেন।

চেম্বার আদালতে জামিন স্থগিত থাকার পরও গত ২ মার্চ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম কামরুন নাহার আসামি আসলামকে জামিন দেন। জামিনের বিষয়টি গতকাল আপিল বিভাগের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মাহবুবে আলম আদালতকে বলেন, সর্বোচ্চ আদালতের আদেশে স্থগিতাদেশ থাকার পরেও আসামিকে নিম্ন আদালতে জামিন দেওয়া আদালত অবমাননার শামিল। এভাবে জামিন দেওয়ার কোনো সুযোগ নেই। তাৎক্ষনিকভাবে তখন প্রধান বিচারপতি ওই ধর্ষণ মামলার নথি তলব করেন। নথি আসার পর তা পর্যালোচনা করে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারককে তলবের আদেশ দেন।

আরও পড়ুন

×