১৬৫০ উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে স্থিতাবস্থা বহাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০৭:১২
কৃষি সম্প্রসারণ অধিদফতরের এক হাজার ৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মো. সালাহউদ্দিন দোলন।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদফতরের এক হাজার ৬৫০ উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে কোটা পদ্ধতি অনুসরণ না করার অভিযোগ নিষ্পত্তিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অভিযোগ তদন্ত করে ফলাফল পুনঃপ্রকাশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
প্রসঙ্গত, এক হাজার ৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তার নিয়োগের জন্য ২০১৮ সালের ২৩ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর লিখিত পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৫ হাজার ১১৪ জনকে উত্তীর্ণ দেখানো হয়। এরপর চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মৌখিক পরীক্ষা শেষে এক হাজার ৬৫০ জনকে চূড়ান্ত করে গত ১৭ জানুয়ারি ফল প্রকাশ করা হয়।
এরপর চাকরিপ্রার্থীরা ওই ফল প্রকাশে কোটা পদ্ধতি অনুসরণ না করার অভিযোগ এনে কৃষি সচিব ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালকের কাছে আবেদন করেন। আবেদনে অভিযোগ অনুসন্ধান করে পুনঃরায় ফল প্রকাশের দাবি জানানো হয়। কিন্তু কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ না করায় রাশেদুল ইসলামসহ ৩৩ জন চাকরিপ্রার্থী সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট করেন।
