ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভারতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি ফিরবেন শনিবার

ভারতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি ফিরবেন শনিবার
×

ফাইল ছবি/ইউএনবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ০৮:০২

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর স্বাস্থ্য ছাড়পত্র নিয়ে শনিবার দেশে ফিরবেন ২৩ বাংলাদেশি। বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় শনিবার বিকেলে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারা। খবর ইউএনবির

বৃহস্পতিবার বেশিরভাগ শিক্ষার্থী এবং এক শিশুসহ এক পরিবারের ওই বাংলাদেশিদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং ‍এদের মধ্যে কেউই করোনাভাইরাস আক্রান্ত হননি। ২৩ জন সদস্যের ওই দলে থাকা এক শিক্ষার্থী ফোনে ইউএনবিকে বলেন, ‘আমরা শুক্রবার স্বাস্থ্য ছাড়পত্র পাবো এবং শনিবার ঢাকায় ফিরতে পারবো বলে আশা করছি।’

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে বেশ ভারতের কয়েকজন নাগরিকের সঙ্গে করোনাভাইরাসের কেন্দ্রস্থল চীনের উহান থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছিল।

এর আগে গত ১ ফেব্রুয়ারি চীন থেকে নিজেদের ৩১২ জন নাগরিককে ফিরিয়ে আনে বাংলাদেশ সরকার এবং বাকি বাংলাদেশিদের ফেরত আসার ক্ষেত্রে নিবন্ধন করা হয়।

পাঁচ শিশুসহ আট পরিবারের ৭৬ ভারতীয় এবং অন্যান্য দেশের ৩৬ জন নাগরিককে ফিরিয়ে আনার পর প্রথমে বিমানবন্দরে পর্যবেক্ষণ করা হয় এবং তাদেরকে প্রাথমিক সকল সুবিধা সরবরাহ করা হয়। বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশের ২৩ জন, চীনের ৬ জন, মিয়ানমার ও মালদ্বীপের ২ জন করে এবং মাদাগাস্কার, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের একজন করে নাগরিক ছিলেন।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি উহান থেকে প্রথম দলকে ফিরিয়ে আনার ৪৮ ঘণ্টা আগে নয়াদিল্লির ছাওলাতে কোয়ারেন্টাইন ক্যাম্প প্রস্তুত করেছিল আইটিবিপি। বাংলাদেশের নাগরিকদের বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল বলে জানিয়েছে দেশটির ঢাকাস্থ হাইকমিশন।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং স্থানীয় আরও ৩টি বিমান সংস্থা নয়াদিল্লির সাম্প্রতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে ভারতে তাদের সকল ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে। তবে বাংলাদেশের নাগরিকদের শনিবার সুষ্ঠুভাবে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ হাইকমিশন এবং ভারতীয় কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশে ফেরার অপেক্ষায় থাকা এক শিক্ষার্থী।

১২ মার্চ বা তার আগে ভারতীয় হাইকমিশন বা ভারতের সহকারী হাইকমিশন দ্বারা প্রদত্ত সকল বৈধ ভিসা ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, ১৩ মার্চ থেকে নতুন কোনো ভিসা দেওয়া হবে না।

আরও পড়ুন

×