ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নিষেধাজ্ঞা থাকাকালে কোনো নামেই রাজনীতি করতে পারবে না আ.লীগ: জাহেদ উর রহমান

নিষেধাজ্ঞা থাকাকালে কোনো নামেই রাজনীতি করতে পারবে না আ.লীগ: জাহেদ উর রহমান
×

ছবি : পিআইডি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১৫:৩৩ | আপডেট: ৩০ জুন ২০২৬ | ১৫:৪৬

আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে, ততদিন তারা কোনো নামেই রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। 

রিফাইন্ড আওয়ামী লীগ বিষয়ে কোথাও কোথাও আলাপ দেখা যায় উল্লেখ করে তিনি বলেন, ‘রিফাইন্ড হোক বা অন্য কোনো, নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ যাই বলি না কেন...আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না।’ 

তিনি জানান, যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকবে ততদিন তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে না। 

এ সময় আদালতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কোনো কোনো গণমাধ্যম তা মানছে না। গণমাধ্যমগুলোকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জানান, ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে ১৫টি পুশ-ইন ঠেকিয়েছে বিজিবি।

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ, চীন ও মালয়েশিয়া সরকার একসঙ্গে কাজ করবে এবং তারা সহযোগিতার সম্পর্ক আরও বৃদ্ধি করবে। একই সঙ্গে বাংলাদেশ স্বাধীনভাবে বৈদেশিক নীতি ঠিক করবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে মন্ত্রী পদমর্যাদা দেওয়ায় নতুন করে বাংলাদেশে কোনো রাজনৈতিক চাপ তৈরি হবে না, বরং এটি দ্বিপক্ষীয় ইতিবাচক সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের সুদৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জনগণ এবং নিজস্ব স্বার্থ অনুযায়ী তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে। এতে অন্য কোনো দেশের ‘কনসার্ন’ (উদ্বেগ) থাকার সুযোগ নেই।

আরও পড়ুন

×