ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

সংসদে যাকাত বিল পাস

সংসদে যাকাত বিল পাস
×

জাতীয় সংসদ। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩ | ১৪:৫০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ | ১৪:৫০

সরকারিভাবে যাকাত সংগ্রহ ও বিতরণের বিধান রেখে ‘যাকাত তহবিল ব্যবস্থাপনা বিল’ জাতীয় সংসদে পাস করা হয়েছে। এতে বলা হয়েছে, শরিয়াহ সম্মত খাত ব্যতীত অন্য কোনো খাতে যাকাতের অর্থ ব্যয় বা বিতরণ করা যাবে না। আজ বুধবার ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক বিলটি পাসের জন্য সংসদে উত্থাপণ করেন।

বিলের ওপর আনা জনমত যাচাই, কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

উচ্চ আদালতের নির্দেশে সামরিক শাসনামলে আমলে করা আইন ‘যাকাত ফান্ড অর্ডিন্যান্স, ১৯৮২’ বিলুপ্ত করে নতুন এই আইন করা হচ্ছে।

বিলে বলা হয়েছে, এই আইনের অধীনে একটি যাকাত বোর্ড গঠন করা হবে। সরকার মনোনীত পাঁচ জন বিশিষ্ট ফকিহ বা আলেমসহ এই বোর্ড হবে ১৩ সদস্যের। ধর্মমন্ত্রী বা প্রতিমন্ত্রী হবেন বোর্ডের চেয়ারম্যান। যাকাত সংগ্রহ, বিতরণ, ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত নীতিমালা তৈরির ক্ষমতা বোর্ডের থাকবে।

ইসলামিক ফাউন্ডেশন, যাকাত বোর্ডের অনুমোদনক্রমে স্থানীয়ভাবে যাকাত সংগ্রহ ও বিতরণের জন্য কেন্দ্রীয়, সিটি করপোরেশন, বিভাগ, জেলা বা উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক কমিটি গঠন করা যাবে।

বিলে একটি যাকাত তহবিল গঠনের কথা বলা হয়েছে। দেশের মুসলিম জনগণের দেওয়া যাকাতের টাকা, প্রবাসী মুসলিম নাগরিক, কোনো বিদেশি মুসলিম ব্যক্তি বা সংস্থায় জমা হওয়া যাকাতের টাকা এবং শরিয়াহ সম্মত অন্য কোনো উৎস থেকে পাওয়া যাকাতের টাকা দিয়ে এই তহবিল গঠন করা হবে।

আরও পড়ুন

×