ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিযান অব্যাহত

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিযান অব্যাহত
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ১০:০৬ | আপডেট: ২৩ মার্চ ২০২০ | ১০:১৯

যেসব ব্যবসায়ী নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে অধিক মুনাফা করছে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে। একই সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে সোমবার থেকে জনসমাগমস্থল বিশেষ করে হাটবাজার, বিপণিবিতান, রেস্তোরাঁ, রাস্তায় থাকা চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এ কাজে প্রশাসনকে সহায়তা করছেন ব্যবসায়ীরাও। তবে মুদি দোকান, খুচরা কাঁচাবাজার ও ওষুধের দোকান এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এদিকে মাদারীপুরের শিবচর উপজেলার সঙ্গে ফরিদপুরের সীমান্তবর্তী পাঁচ ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মধ্যারচর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ। সমকালের ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

করোনাভাইরাসের কারণে সিলেট নগরীর সব মার্কেট বন্ধ করার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী নেতারা। রোববার রাতে মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পর সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে বলে জানিয়েছেন পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন। এর আগে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে রোববার থেকে আল-হামরা শপিং সিটি, মিলেনিয়াম, ব্লু-ওয়াটার, মধুবন, নয়াসড়কসহ কয়েকটি মার্কেট বন্ধ রাখা হয়।

নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিম বলেন, জনস্বার্থে আমরা সরকারি নির্দেশনার অপেক্ষা না করে ব্যবসাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত সিলেটের সব প্রেসের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি মেহেদী কাবুল ও সাধারণ সম্পাদক আমিনুল হক বেলাল।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সব হাটবাজার ও পশুর হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার বলেন, জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী হাটবাজার ও পশুর হাট (দৈনন্দিন বাজার ছাড়া) বন্ধ রাখার জন্য এ আদেশ দেওয়া হয়। এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এদিকে রাজশাহী নগরীর মোল্লাপাড়া বাজারে চাল-আদার দাম বেশি নেওয়ায় তিন ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পিরোজপুর জেলাব্যাপী সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত মার্কেট, বিলাস সামগ্রীর দোকান, চায়ের দোকান, হোটেল-রেস্তোরাঁ, বেকারি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও ব্যবসায়ী সমিতির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

মানিকগঞ্জ জেলার সব সাপ্তাহিক হাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া জেলায় সব এনজিও ঋণের কিস্তি আদায়ও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে সব ইউএনওকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ফৌজিয়া খান।

মাদারীপুরের শিবচর উপজেলার সঙ্গে ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর, চরমানাইর; ভাঙ্গা উপজেলার কালামৃধা, আজিমনগর ও চান্দ্রা- এ পাঁচটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পুলিশ। সোমবার বেলা ১১টা থেকে এ আদেশ কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। এ ছাড়া জেলা প্রশাসন থেকে গণবিজ্ঞপ্তি দিয়ে জেলার সব ধরনের সাপ্তাহিক হাট, আবাসিক হোটেল, শপিং মল, বাণিজ্যকেন্দ্র, রেস্তোরাঁ, বিনোদনকেন্দ্র, পার্ক, মেলা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, সিনেমা হল, চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভায় সোমবার দুপুর ১টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত চায়ের দোকান, রেস্তোরাঁ এমনকি চুল কাটার সেলুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইউএনও মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা দেওয়া হয়। জেলার তাহিরপুরে বেসরকারি সংস্থা ব্র্যাক তাদের ঋণ আদায়ের কিস্তি বন্ধ রেখেছে। একই সঙ্গে ব্র্যাকের কর্মীরা জনসচেতনমূলক প্রচারে মাঠে কাজ করে যাচ্ছেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামের হক মিয়ার কনের বিয়ের অনুষ্ঠানে পাঁচ শতাধিক লোকের প্রীতিভোজের আয়োজন চলছিল। খবর পেয়ে সোমবার পুলিশ সেখানে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। এদিকে দুপুরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জরুরি সভা থেকে রাস্তাঘাট ও হাটবাজারে লোকসমাগম না করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় গরুর হাট, বিয়ে, খেলাধুলাসহ সব ধরনের অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ইউএনও সোহাগ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

এদিকে বাগেরহাটের চিতলমারীতে বাড়তি দামে চাল বিক্রি করায় ছয় ব্যবসায়ীকে এক লাখ ২৫ টাকা জরিমানা করা হয়েছে। তারা হলেন- সদর বাজারের নাজমুল শেখ, পরিতোষ কীর্ত্তনীয়া, চন্দ্রশেখর হাজরা, পরিতোষ সাহা, প্রদীপ সাহা ও ইসমাইল হোসেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফুল আলম। পরে তিনি সদ্য বিদেশফেরতদের বাড়ির সামনে লাল পতাকা টানানো এবং চিতলমারীর সব গরুর হাট বন্ধের নির্দেশ দেন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় থানা রোডের চার ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টঙ্গীতে আড়ত মালিকরা পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের দাম বেশি রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন গাজীপুর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সাইদ অ্যান্ড ব্রাদার্সকে ২০ হাজার, খুচরা বিক্রেতা ডালিম এন্টারপ্রাইজকে ছয় হাজার ও মির হোসেন খানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চাল মজুদ ও বাড়তি মূল্যে বিক্রি করায় এলেম মোল্লা নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার দড়িয়াদৌলত বাজারে ইউএনও নাছির উদ্দিন সরোয়ারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। খুলনার ফুলতলা উপজেলার দুটি বাজারে অভিযান চালিয়ে ১৩ ব্যক্তিকে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চালের গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় চাল গুদামজাত ও মজুদের অপরাধে তিন ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নড়াইলের লোহাগড়া বাজারে মূল্য তালিকা না টানানোয় ৯ দোকানদারকে জরিমানা করা হয়েছে।




  

আরও পড়ুন

×