ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনের উদ্বোধন, এক ছাদের নিচে মিলবে বিভিন্ন সেবা

চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনের উদ্বোধন, এক ছাদের নিচে মিলবে বিভিন্ন সেবা
×

ছবি-সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৮:৩৯

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা আরও দ্রুত, সহজ ও কার্যকরভাবে প্রদানের লক্ষ্যে নির্মিত ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) ভবনের উদ্বোধন করেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

বুধবার দুপুরে বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন তিনি। প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি চালুর ফলে বন্দরের বিভিন্ন সেবা এখন এক ছাদের নিচে পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, নতুন ভবনটি বন্দরের নিরাপত্তা জোরদার, সেবাপ্রদান সহজীকরণ এবং আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা বিধিমালা (আইএসপিএস কোড) অনুসরণ করে ভবনটির নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

তিনি জানান, ভবনটি থেকে ভাড়া ও বিভিন্ন সেবা বাবদ প্রতি মাসে প্রায় ৫ কোটি টাকা আয় হবে। এ আয় থেকে এক বছরের মধ্যেই ভবন নির্মাণে ব্যয় হওয়া অর্থ উঠে আসবে বলে বন্দর কর্তৃপক্ষ আশা করছে।

রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, এতদিন ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বন্দরের অভ্যন্তরে থাকায় প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষকে প্রবেশ ও বের হওয়ার সময় নানা ধরনের ভোগান্তিতে পড়তে হতো। নতুন ভবন চালুর ফলে সেই সমস্যা দূর হবে এবং সেবা গ্রহণ আরও সহজ হবে।

তিনি আরও জানান, ২০২২ সালে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। ভবনের নিচতলায় রয়েছে রিসেপশন এবং প্রথম তলায় টোকেন বিতরণের ব্যবস্থা। প্রতিটি তলায় ব্যাংক বুথ রয়েছে। তিনটি তলায় বিভিন্ন সেবা দেওয়া হবে। পঞ্চম ও ষষ্ঠ তলা ভাড়া দেওয়া হয়েছে এবং বাকি তিনটি তলা বন্দরের নিজস্ব কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের সদস্য, পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×