ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

আদালতের মর্যাদা রক্ষায় দায়িত্বশীল আইন সাংবাদিকতার আহ্বান রাষ্ট্রপতির

আদালতের মর্যাদা রক্ষায় দায়িত্বশীল আইন সাংবাদিকতার আহ্বান রাষ্ট্রপতির
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৯:০৫

আদালতের মর্যাদা ও বিচারাধীন বিষয়ের সংবেদনশীলতা অক্ষুণ্ন রেখে দায়িত্বশীল আইন সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছেন মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে অপতথ্য, ভ্রান্ত তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচারের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের আরও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার বঙ্গভবনে আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সংগঠন ল' রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সর্বোচ্চ পেশাদারিত্ব, নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে আইন সাংবাদিকদের কাজ করতে হবে। আইন সাংবাদিকতা বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে আইন সাংবাদিকরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তিনি আরও বলেন, সহজ ভাষায় আইন সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতেও আইন সাংবাদিকদের অবদান উল্লেখযোগ্য। সংবিধানের প্রাধান্য, আইনের শাসন ও ন্যায়বিচার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার এসব মূল্যবোধ প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

বিচারব্যবস্থার আধুনিকায়ন ও তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বিচার বিভাগ, আইনজীবী, আইনবিষয়ক সাংবাদিক এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় জনগণের ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজ ও ত্বরান্বিত হবে।

সৌজন্য সাক্ষাতের আগে রাষ্ট্রপতি ল' রিপোর্টার্স ফোরামের রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম, রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×