টাঙ্গাইল
পাটক্ষেতে মিলল ব্যক্তির মরদেহ, কুপিয়ে হত্যার অভিযোগ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ২০:০৬ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ২০:৫৫
টাঙ্গাইলের নাগরপুরে শওকত মোল্লা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার সহবতপুর ইউনিয়নের বিন্নাওঝা গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শওকত মোল্লা (৫৫) সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের জয়েদ আলী মোল্লার ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে সোহেল মোল্লা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতের চাচাতো ভাই আয়নাল মোল্লা জানান, তিন দিন ধরে শওকত মোল্লা নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার দুপুর ১টার দিকে বিন্নাওঝা গ্রামের একটি পাটক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে তিনি ঘটনাস্থলে গিয়ে শওকতের মরদেহ শনাক্ত করেন। তার অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহটি পাটক্ষেতে ফেলে রাখা হয়েছে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও শওকত মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহটি পাটক্ষেতে এনে ফেলে রাখা হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- কুপিয়ে হত্যা
