ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে কাফনের কাপড় পরে আলুচাষিদের গণঅনশন

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে কাফনের কাপড় পরে আলুচাষিদের গণঅনশন
×

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে গায়ে কাফনের কাপড় জড়িয়ে গণঅনশন কর্মসূচি পালন করেছেন রংপুরের আলুচাষি ও ব্যবসায়ীরা। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে

রংপুর অফিস

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ২০:৪৫

হিমাগারের অতিরিক্ত ভাড়া কমানোর দাবিতে গায়ে কাফনের কাপড় জড়িয়ে গণঅনশন কর্মসূচি পালন করেছেন রংপুরের আলুচাষি ও ব্যবসায়ীরা। বুধবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন উপজেলা থেকে শতাধিক কৃষক ও ব্যবসায়ী অংশ নেন। পরে জেলা প্রশাসকের আশ্বাসে তারা অনশন প্রত্যাহার করেন।

রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতি এবং রংপুর বিভাগীয় আলুচাষি ও ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, হিমাগার মালিকরা সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এতে উৎপাদন খরচ ও সংরক্ষণ ব্যয় বেড়ে কৃষকরা চরম লোকসানের মুখে পড়েছেন। তারা দ্রুত যৌক্তিক হারে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানান।

অনশনরত কৃষক আনিছুল ইসলাম বলেন, সার, বীজ ও কীটনাশকের দাম বাড়ায় প্রতি কেজি আলু উৎপাদনে প্রায় ১৬ টাকা খরচ হয়েছে। হিমাগারে সংরক্ষণ ব্যয় যোগ করলে তা দাঁড়ায় ২৫ থেকে ২৬ টাকা। অথচ বাজারে আলু বিক্রি হচ্ছে মাত্র ১৪ থেকে ১৫ টাকায়। ফলে কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

হাজীরহাট এলাকার কৃষক শাকিল মাহমুদ বলেন, রাজশাহীতে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ছয় টাকা হলেও রংপুরে নেওয়া হচ্ছে সাত টাকা। তিনি সর্বোচ্চ পাঁচ টাকা কেজি ভাড়া নির্ধারণের দাবি জানিয়ে বলেন, এ অবস্থা চলতে থাকলে অনেক কৃষক আগামী মৌসুমে আলু চাষ থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন।

জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বলেন, দুই বছর আগে প্রতি বস্তা আলু সংরক্ষণের ভাড়া ছিল ২৫০ থেকে ৩০০ টাকা। বর্তমানে তা বেড়ে ৪০০ থেকে ৪৫০ টাকায় পৌঁছেছে। তিনি হিমাগার ভাড়া কমানো, আলু রপ্তানির উদ্যোগ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার দাবি জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, সরকার নির্ধারিত হিমাগার ভাড়া প্রতি কেজি ছয় টাকা ৭৫ পয়সা। কৃষকদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকদের সঙ্গে বৈঠক করে একটি প্রস্তাব মন্ত্রণালয় ও কৃষি বিপণন অধিদপ্তরে পাঠানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে সুপারিশ দেওয়া হবে বলে তিনি জানান।

এর আগে গত ১৭ জুন একই দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে আলু ফেলে বিক্ষোভ করেছিলেন আলুচাষি ও ব্যবসায়ীরা।
 

আরও পড়ুন

×