ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

সরকার সংস্কার না করায় বিরোধী দল রাজপথে: জামায়াত আমির

সরকার সংস্কার না করায় বিরোধী দল রাজপথে: জামায়াত আমির
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ২১:২২

সরকার গণভোটের রায় অনুযায়ী সংস্কার না করায় বিরোধী দল রাজপথে রয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কারের সুযোগ না পেলে জনগণের কাছেই যাবে বিরোধী দল। জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে আন্দোলন চলবে।

বুধবার জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৬-২৭ অর্থবছরের পাস হওয়া বাজেট জামায়াতের ছায়া বাজেটের কাছাকাছিই হয়েছে। বাজেটে প্রান্তিক ও মুদি দোকানের অগ্রিম করে ছাড়, সাইকেলের যন্ত্রাংশের করছাড়সহ বেশকিছু খাতে বিরোধী দলের প্রস্তাবনা সরকার মেনে নিয়েছে।

উন্নত গণতন্ত্রের দেশগুলোর মতো বিরোধী দল ছায়া মন্ত্রিসভা তৈরি করছে জানিয়ে জামায়াত আমির বলেন, সাংবিধানিক মর্যাদা না থাকলেও সারাবিশ্বে ছায়া মন্ত্রিসভা রয়েছে। তারা সরকারের কাজে নজর রাখবে। সময় হলেই তা প্রকাশ করা হবে।

জামায়াত আমির বলেন, সংবিধান সংশোধনে গঠিত কমিটিতে বিরোধী দল অংশ নেবে না। সংবিধান সংশোধন আদালতের আওতায় পড়ে, কিন্তু জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে সংস্কারের ক্ষেত্রে সেই সুযোগ নেই। গনভোটে জনগণ সংস্কারের ম্যান্ডেট দিয়েছে।

শফিকুর রহমান বলেন, সংসদীয় রাজনীতিতে আলোচনা প্রয়োজন। শেষ পর্যন্ত সমাধানে পৌঁছাতে হবে। বাংলাদেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন জরুরি, নইলে দেশ বারবার পথ হারাবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও হাইকোর্ট বেঞ্চ বিকেন্দ্রীকরণের উদাহরণ তুলে ধরে শফিকুর রহমান বলেন, অতীতে আদালতের রায়ে বিভিন্ন সাংবিধানিক সংশোধনী বাতিল হয়েছে। জনগণ সংস্কারের জন্য ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের জন্য নয়। 

জামায়াত আমির বলেছেন, নির্বাচনের সময় দেশবাসীর সামনে বলেছিলাম করমুক্ত গাড়ি ও প্লট নেবেন না জামায়াতের এমপিরা। কিন্তু বলা হচ্ছে, এমপিরা কেন ফ্ল্যাটে উঠেছেন। সংসদ সদস্য ভবনের ফ্ল্যাট এমপিরা যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন ব্যবহার করবেন। সরকারি দল, বিরোধী দল সবাই ব্যবহার করবে। এটাকে নিয়ে আবার বিভিন্ন ধরনের জলঘোলা করা হয়।

মতবিনিময় সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের সঞ্চালনায় দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়েরসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×