ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

স্কুল ফিডিংয়ের ‘ডিম’ খেয়ে বাগেরহাটে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ

স্কুল ফিডিংয়ের ‘ডিম’ খেয়ে বাগেরহাটে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ
×

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক শিক্ষার্থী

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৯:৫৮

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে উপজেলার পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুন নূর বলেন, ‘আজ ৫৫ জন শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের ডিম খায়। তাদের মদ্যে ১১ শিক্ষার্থী প্রচণ্ড পেটে ব্যথা অনুভব করে। প্রথমে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্বাস্থ্যকর ডিম খাওয়ার কারণে শিক্ষার্থীদের এই শারীরিক সমস্যা সৃষ্টি হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা সুস্থ হয়।’

শরণখোলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির আহমেদ বলেন, ‘শিক্ষার্থীরা সুস্থ রয়েছে। অসুস্থতার সঙ্গে ডিম খাওয়ার কোনো সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করা হবে। তদন্তে ডিম সরবরাহে কোনো ত্রুটি বা অস্বাস্থ্যকর ডিম সরবরাহ হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

‘ওসাকা পাবনা’ নামে একটি প্রতিষ্ঠান স্থানীয় মুকতি নামে এক ব্যক্তির মাধ্যমে শরণখোলায় স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে থাকে। তবে তাদের কারও যোগাযোগের নাম্বার স্কুল কর্তৃপক্ষের কাছে নেয়। ফলে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এ বিষয়ে শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, ‘ডিম খাওয়ার পর ১১ জন শিশু পেটব্যথা ও অস্বস্তিবোধ করায় হাসপাতালে ভর্তি হয়। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়ে ওঠে। সতর্কতার অংশ হিসেবে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

আরও পড়ুন

×