ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি: নাহিদ ইসলাম

জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি: নাহিদ ইসলাম
×

ছবি- সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৯:২৭ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ২০:৪২

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন, গণতান্ত্রিক নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখা হয়েছিল, দুই বছর পরও সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার সকালে ঢাকার রায়েরবাজারে জুলাইয়ের শহীদদের গণকবর জিয়ারতের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন নাহিদ ইসলাম। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ বলেন, কেবল আনুষ্ঠানিকভাবে জুলাই উদযাপন নয়, গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমেই সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে।

হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে অসন্তোষ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, এ রায়ে জনগণ, শহীদ পরিবার ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত হয়নি। তিনি রাষ্ট্রপক্ষকে রায়ের বিরুদ্ধে আপিল করার আহ্বান জানিয়ে ইনুর কঠোরতম শাস্তি দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে কাঠামোগত সংস্কার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। তাই এবারের জুলাই কর্মসূচির মূল প্রতিপাদ্য হচ্ছে গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়ন।

তিনি আরও বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর জনসাধারণের জন্য খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই সেটি খুলে দেওয়ার ব্যবস্থা করবে।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×