সীমিত পরিসরে ৫ এপ্রিল থেকে খুলবে ডাকঘর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৯:৩২
আগামী ৫ এপ্রিল থেকে সীমিত পরিসরে দেশের সব জিপিও, প্রধান ডাকঘর, উপজেলা ডাকঘরগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
জরুরি প্রয়োজনে জনস্বার্থে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সব ডাকঘরে কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থায় ডাকঘর সঞ্চয় ব্যাংকের লেনদেনের পাশাপাশি সীমিত আকারে ই-কমার্স, মোবাইল মানি অর্ডার ও পার্সেল সেবা প্রদানের জন্য কাউন্টার খোলা থাকবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এ নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, মেট্রোপলিটন শহর এলাকার ডাকঘর কর্মচারীদের অফিসে যাতায়াতের জন্য যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিবহন সুবিধা স্থানীয় পোস্ট মাস্টার জেনারেল বা ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলরা নিশ্চিত করবেন।
উপজেলা পর্যায়ের ডাকসেবা, সঞ্চয় ব্যাংক লেনদেন ও মেইল পরিবহনের বিষয়ে সংশ্নিষ্ট ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল এবং পরিদর্শকরা নিবিড় তদারকি নিশ্চিত করবেন।
ছুটিকালীন ডাকঘরে কর্মরত সবাইকে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যবিধি অনুসরণসহ মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এ বিষয়ে সংশ্নিষ্ট অফিস প্রধান নিবিড় তদারকি করবেন।
- বিষয় :
- ডাকঘর
- ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
