অভিজ্ঞতা ছাড়াই ড্রোন অপারেটর নিয়োগ দিচ্ছে রাশিয়া, হেডহান্টারে বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১৯:৩০
ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার মুখে রাজধানী মস্কোর আকাশসীমার নিরাপত্তা জোরদার করছে রাশিয়া। এ লক্ষ্যে দেশটির সবচেয়ে বড় চাকরির ওয়েবসাইটে ড্রোন অপারেটর নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের এ কাজে পূর্ব অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই।
রাশিয়ার বৃহত্তম চাকরির ওয়েবসাইট হেডহান্টারে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী, ‘কমব্যাট আর্মি রিজার্ভ ফোর্স’ নামের একটি স্বেচ্ছাসেবী ইউনিটের জন্য লোক নেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থার মাধ্যমে মস্কোর নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই ইউনিটের কাজ।
বিজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া ব্যক্তিদের উচ্চপ্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নগরীর নিরাপত্তা রক্ষায় কাজ করতে হবে। তাদের দায়িত্বের মধ্যে থাকবে ড্রোন উড্ডয়নের আগে প্রস্তুতি নেওয়া, ড্রোন পরিচালনা, নজরদারি অভিযান চালানো এবং দিন-রাত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ড্রোন উড্ডয়ন।
এ চাকরির জন্য কেবল মৌলিক কারিগরি দক্ষতা এবং এ খাতে কাজ শেখার আগ্রহ থাকলেই আবেদন করা যাবে বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন অনুযায়ী, মাসিক বেতন শুরু হবে এক লাখ ৫০ হাজার রুবল (প্রায় এক হাজার ৯৫০ মার্কিন ডলার) থেকে। তবে এ বেতন মস্কোর গড় মাসিক আয়ের তুলনায় কম। সরকারি তথ্য অনুযায়ী, শহরটিতে গড় মাসিক আয় দুই লাখ রুবলের বেশি।
ওয়েবসাইটে নিয়োগদাতা সম্পর্কে দেওয়া একটি পর্যালোচনায় নিজেকে ‘লিড ইন্সপেক্টর’ পরিচয় দেওয়া একজন লিখেছেন, কর্মপরিবেশ ইতিবাচক, দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে এবং কর্মদক্ষতার ভিত্তিতে বেতনও বাড়ানো হবে।
রয়টার্স জানায়, বিজ্ঞাপনটি প্রথম কবে প্রকাশ করা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি সর্বশেষ গত ১ জুলাই হালনাগাদ করা হয়েছে।
গত জুন মাসে ইউক্রেন মস্কোতে ড্রোন হামলা জোরদার করে। তিন দিনের ব্যবধানে রাজধানীর রিং রোডের ভেতরে অবস্থিত একটি বড় তেল শোধনাগারে দুটি হামলার ঘটনা ঘটে।
এসব হামলার পর ক্রেমলিন জানায়, রাজধানীর আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে এ বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলা চালায়। এতে অন্তত ৩০ জন নিহত হন।
সূত্র: রয়টার্স
- বিষয় :
- রাশিয়া
- ইউক্রেন
- চাকরি
- নিয়োগ বিজ্ঞপ্তি
- ড্রোন
