রিচার্জের দোকান খোলা রাখতে সহায়তা চায় অ্যামটব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৯:৩৯
মোবাইল ফোনের রিচার্জ আউটলেট খোলা রাখতে সহায়তার আহ্বান জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব।
বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যামটবের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এসএম ফরহাদ এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, মানুষের চলাচলের সীমাবদ্ধতার কারণে খুচরা চ্যানেলের মাধ্যমে মোবাইলে টাকা রিচার্জের হার প্রায় ২০ শতাংশ কমেছে। এ সংকটকালে টেলিকমকে জরুরি পরিষেবা হিসেবে ঘোষণা করা হলেও দেখা যাচ্ছে, সরকারি নির্দেশাবলির ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার সঠিক ধারণা না থাকায় টেলিকমের রিচার্জ পরিষেবায় বাধা আসছে। মোবাইলের স্থানীয় স্টোর এবং অন্যান্য রিচার্জ আউটলেটগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, সে জন্য আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা প্রত্যাশা করছে অ্যামটব।
পাশাপাশি মোবাইল গ্রাহকদের অন্যান্য আর্থিক পরিষেবা যেমন ইলেকট্রনিক মানি ট্রান্সফার, মোবাইল মানি কিংবা মোবাইল অ্যাপ্লিকেশন ইত্যাদি ব্যবহার করে টকটাইম রিচার্জ করতে উৎসাহিতও করেন এসএম ফরহাদ।
- বিষয় :
- অ্যামটব
- মোবাইল ফোনের রিচার্জ
