কুয়েতে অবৈধ শ্রমিকদের ফিরতে হবে দেশে
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ১১:৪২ | আপডেট: ০৪ এপ্রিল ২০২০ | ১৩:০৪
অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। এর আওতায় তারা ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র ও জরিমানা ছাড়াই ওই দেশ ছাড়ার সুযোগ পাবেন। যারা এ সময়ে নিজ দেশে চলে যাবেন, তাদের উড়োজাহাজের টিকিট ও যাবতীয় খরচ বহন করবে কুয়েত সরকার। কুয়েতে বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
এতে বলা হয়, সাধারণ ক্ষমার আওতায় উল্লেখিত সময়ে কুয়েত ছেড়ে যাওয়ার সময় অবৈধ শ্রমিকদের নির্দিষ্ট স্থানে কিছু সময়ের জন্য অবস্থহান করতে হবে। তবে এ সময় থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে কুয়েত সরকার। তাছাড়া এ সময়ে যারা দেশে ফিরে যাবেন, তারা সাধারণ নিয়মে আবার কুয়েতে আসার সুযোগ পাবেন।
১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশীদের তিন কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করতে হবে। কুয়েতের ফরওয়ানিয়া এলাকার ব্লক-১-এর দুটি স্কুলে অবৈধ শ্রমিকদের যোগাযোগ করতে হবে।
কুয়েতে বাংলাদেশ দূতাবাস বলছে, কোনো ধরনের কাগজপত্রের জন্য দূতাবাসে যাওয়ার
প্রয়োজন নেই। সরাসরি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে যোগাযোগ করতে হবে।
