জাতীয় জনতা পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের রুল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ | ১০:৫৩ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ | ১০:৫৩
জেনারেল আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিকে রাজনৈতিক দল হিসেবে কেন নিবন্ধন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ন কবীর আকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ইসিতে আবেদন করেছিল জাতীয় জনতা পার্টি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে দলটির গঠনতন্ত্রে কেন্দ্রীয় কমিটিসহ সব পর্যায়ে কমিটির সদস্য নির্বাচিত করার বিধান না রাখাসহ কয়েকটি দিক বিবেচনায় দলটির নিবন্ধন আবেদন নামঞ্জুর করে ইসি। এরপর ইসির গত ১০ এপ্রিলের এ-সংক্রান্ত চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দলটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী ২০ জুলাই রিট করেন।
