ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংবাদ সম্মেলনে ক্যাপসের তথ্য

বায়ুদূষণে শীর্ষে গাজীপুর

বায়ুদূষণে শীর্ষে গাজীপুর
×

ছবি : সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ১৫:৫৩ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ১৮:৪০

দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৪টিতেই বায়ুর মান আদর্শ মাত্রার চেয়ে খারাপ অবস্থায় আছে। এর মধ্যে সবচেয়ে বেশি দূষিত বায়ু শিল্পকারখানা অধ্যুষিত জেলা গাজীপুরে। এরপরই অবস্থান ঢাকা ও নারায়ণগঞ্জের। রাজধানী শহরের মধ্যে দূষণের শীর্ষে রয়েছে শাহবাগ এলাকা। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) জানিয়েছে, এমন দূষণের জন্য প্রধানত চলমান উন্নয়ন কাজ ও যানবাহনের আধিক্য দায়ী। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন ক্যাপসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার। 

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মোহাম্মদ খান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রাম টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডমিনিক সেন্টু গমেজ, সুপ্রিম কোর্টের আইনজীবী রাশেদুজ্জামান মজুমদার, সেন্টার ফর ল্য অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্সের সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুল আলম তাহিন প্রমুখ।

ড. আহমদ কামরুজ্জামান বলেন, ‘ক্যাপস বায়ুমান নিয়ে পর্যবেক্ষণ ও গবেষণা করছে। এসব পর্যবেক্ষণে দেখা গেছে, ২০২১ সালে ৬৪ জেলার প্রতি ঘনমিটার বায়ুতে গড়ে অতিক্ষুদ্র বস্তুকণা ছিল ১০৫.৫৮ মাইক্রোগ্রাম, যা দৈনিক আদর্শ মানের (প্রতি ঘনমিটারে ৬৫ মাইক্রোগ্রাম) থেকে ১.৬২ গুণ বেশি। আর বার্ষিক আদর্শ মানের (প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রাম) চেয়ে ৭ গুণ বেশি। দেখা গেছে, বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি সবচেয়ে বেশি তিন জেলা গাজীপুর, ঢাকা এবং নারায়ণগঞ্জে। ৬৪ জেলার মধ্যে ৫৪টির বায়ুমান জাতীয় নির্ধারিত দৈনিক মানমাত্রায় ৬৫ মাইক্রোগ্রামের চেয়ে খারাপ।

ড. কামরুজ্জামান আরও জানান, ঢাকা শহরের ১০টি স্থানের মধ্যে শাহবাগের বাতাসে বার্ষিক গড় বস্তুকণা প্রতি ঘনমিটারে ৯১.৪ মাইক্রোগ্রাম (আদর্শ মান ১৫ মাইক্রোগ্রাম); যা আদর্শ মানের চেয়ে ৬ গুণ বেশি। জাতীয় সংসদ ভবন এলাকায় বাতাসে গড় বস্তুকণা ৫৯.৪ মাইক্রোগ্রাম; যা আদর্শ মানের চেয়ে ৪ গুণ বেশি। মতিঝিলের বাতাসে গড় বস্তুকণা ৭৯.৪ মাইক্রোমগ্রাম, আগারগাঁওয়ে ৭৪.৪ মাইক্রোগ্রাম, আব্দুল্লাহপুরে ৭৪ মাইক্রোগ্রাম। এ অবস্থায় বায়ুদূষণ কমাতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তি বৃদ্ধির আহ্বান জানিয়ে ৫ দফা প্রস্তাব তুলে ধরেন ক্যাপস চেয়ারম্যান।

আরও পড়ুন

×