সাধারণ ছুটি বাড়ানোর সুপারিশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৬:৩৮ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ | ০৭:১৩
দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি।
মঙ্গলবার কমিটির সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে ওই সুপারিশের সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে জাতীয় কমিটির সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সাংবাদিকদের বলেন, সাধারণ ছুটি বাড়ানোর এখতিয়ার প্রধানমন্ত্রীর। আমরা আমাদের মিটিংয়ের সামারি পাঠিয়েছি। সেখানে সাধারণ ছুটির মেয়াদ আগামী ১ মে পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছি।
কমিটির সুপারিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জনপ্রসাশন সচিব শেখ ইউসুফ হারুন সমকালকে বলেন, এ সংক্রান্ত একটি সুপারিশ পেয়েছি। আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
