করোনায় সহায়তা
দরিদ্রদের ডাটাবেজ তৈরির জন্য কমিটি গঠন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৮:৩৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের দুর্যোগকালীন সময়ে উপকারভোগী দরিদ্রদের ডাটাবেজ তৈরির জন্য কমিটি গঠন করেছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এটুআই এর সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জনগণের বৃহত্তর কল্যাণে দরিদ্রদের জন্য এই সফটওয়্যার ও ডাটাবেজ তৈরি করবে। আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি ও উপকারভোগীদের ডাটাবেজ তৈরির কাজ শুরু করা হবে। এ জন্য সোমবার ব্যবস্থাপনা ও কারিগরি বিষয়ে দুটি কমিটি গঠনে অফিস আদেশ জারি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
অফিস আদেশে অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কমকর্তাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। ব্যবস্থাপনা কমিটিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামালকে আহ্বায়ক ও অতিরিক্ত সচিব আকরাম হোসেনকে সদস্য সচিব করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কর্মপরিধি হলো- উপকারভোগীদের ডাটাবেজ ও সফটওয়্যার তৈরির ক্ষেত্রে কারিগরি কমিটিকে দিক নির্দেশনা দেওয়া। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে সমন্বয় করা।
কারিগরি কমিটিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফয়জুর রহমানকে আহ্বায়ক ও উপসচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে সদস্যসচিব করে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির এটুআই প্রোগ্রামের সহায়তায় জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদ এবং মোবাইল নম্বর ব্যবহারের মাধ্যমে উপকারভোগীদের তথ্যের ভিত্তিতে প্রত্যেক উপকারভোগীর একটি কিউআর (কুউক রেসপন্স) কোড তৈরির মাধ্যমে একটি নির্ভুল ডাটাবেজ তৈরি করবে। খাদ্য সংকট নিরসনে সরাসরি সেবা সম্পর্কিত হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য সহায়তায় আবেদন গ্রহণ করা হবে। এ সেবা প্রদানের জন্য ৩৩৩ এ কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্যোগে কোন ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে এটুআই প্রণীত এ সেন্ট্রাল ডাটাবেজের আওতায় ত্রাণ বিতরণ করা হবে। ডাটাবেজ ও সফটওয়্যার তৈরি বিষয়ে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের সাথে যোগাযোগ করবে এবং কমিটির কার্যক্রম সম্পর্কে ব্যবস্থাপনা কমিটিকে অবগত করবে।
এ দিকে ত্রাণ মন্ত্রণালয়ের অন্য এক অফিস আদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগে চলতি মাস (এপ্রিল) থেকে আগামী জুন পর্যন্ত ত্রাণ গ্রহণকারী উপকারভোগীর সংখ্যা এবং প্রয়োজনীয় ত্রাণের পরিমাণ নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আকরাম হোসেন ১১ সদস্যের এই কমিটির আহ্বায়ক। এই কমিটি সব বিভাগ থেকে প্রাপ্ত সারাদেশের উপকারভোগীর তালিকা এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত ত্রাণ দিতে কত চাল লাগবে সেই পরিমাণ নির্ধারণ করে প্রতিবেদন দেবে।
