গণস্বাস্থ্যের কিট পরীক্ষায় কমিটি গঠন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২০ | ১০:০১ | আপডেট: ০২ মে ২০২০ | ১০:১০
করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র্যাপিড টেস্টিং কিটের কার্যকারিতা পরীক্ষায় ছয় সদস্যের কমিটি করা হয়েছে। শনিবার এ কমিটি গঠন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।খবর ইউএনবির।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহীনা তাবাসসুমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধিদলের সাথে বৈঠকের পর তারা এ কমিটি করা হয়।
উপাচার্য বলেন, রবিবার গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষের সাথে আরও আলোচনার পর কমিটি এ বিষয়ে কাজ শুরু করবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী কমিটি গঠন করায় বিএসএমএমইউ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, তারা এ নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবে। তিনি বিএসএমএমইউ দলকে এক সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ করার আহ্বান জানান।
গত বৃহস্পতিবার ওষুধ প্রশাসন অধিদপ্তর গণস্বাস্থ্য কেন্দ্রকে তাদের করোনাভাইরাস শনাক্তের র্যাপিড টেস্টিং কিট পরীক্ষা করার অনুমতি দেয়।
গণস্বাস্থ্য কেন্দ্র ১৭ মার্চ জানায়, তারা একটি পরীক্ষার কিট তৈরি করেছে যা ১৫ মিনিটের মধ্যে কোভিড-১৯ শনাক্ত করতে পারে।
- বিষয় :
- গণস্বাস্থ্য কেন্দ্র
- বিএসএমএমইউ
- করোনাভাইরাস