সচিবালয়ের কাজে-কর্মে স্থবিরতা, বদলি আতঙ্কে সচিবরা
সচিবালয়- ফাইল ছবি
সাব্বির নেওয়াজ
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪ | ১৪:৩০ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪ | ১৬:০৮
জনপ্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কাজে কর্মে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ও বিভাগের ১০-১৫ জন সচিব ও সিনিয়র সচিব বদলি হতে পারেন বলে শোনা যাচ্ছে। তাদের মাঝে বিরাজ করছে বদলি আতঙ্ক। অনেক সচিব গতকাল ও আজ অফিসে আসেননি।
বুধবার (৭ আগস্ট) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর বেশিরভাগ সচিব অফিস করছেন না। যারাও অফিসে আসছেন সতর্কতার সঙ্গে বিশেষ কৌশল অবলম্বন করছেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সরকার পতনের পর থেকে অফিসে আসছেন না।
অফিসে আসছেন না জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীও। এ দুই গুরুত্বপূর্ণ আমলা সচিবালয়ে ১ নম্বর ভবনে বসেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. নাজমুছ সাদাত সেলিমও দুপুর পর্যন্ত অফিসে আসেননি।
অফিস করছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম। তবে সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান মঙ্গলবার আসলেও আজ অফিসে আসেননি বলে তার দপ্তরের কর্মচারীরা জানিয়েছেন।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারোয়ার পৌনে ১টার দিকে অফিসে আসেন। তবে তিনি সচিবালায়ে আসতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেননি। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আইন সচিবকে সচিবালয়ে ৪ নম্বর ভবনের সামনে একটি মাইক্রোবাস থেকে নেমে অফিসে যেতে দেখা গেছে।
একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে সমকালে বলেন, মন্ত্রীরা নেই, সচিবরা কে কখন বদলি বা ওএসডি হয়ে যান, তাই অনেকটা আতঙ্কে তারা অফিস করছেন না। তাই সচিবালয়ের কাজে-কর্মে অনেকটা স্থবিরতা নেমেছে।
