ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ব্যাংকগুলোকে ২ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

ব্যাংকগুলোকে ২ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
×

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের ফল ঘোষণা শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ফোকাস বাংলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২০ | ০৬:১৬ | আপডেট: ৩১ মে ২০২০ | ০৬:৪৭

সরকার বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরও ২ হাজার কোটি টাকার ভর্তুকি প্রদান করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার ভর্তুকি দেবে যাতে ব্যাংকগুলো থেকে ঋণ গ্রহণকারী ১ কোটি ৩৩ লাখ ব্যক্তির ঋণের সুদ হিসাবে এ অর্থ ছাড় দিতে পারে।

রোববার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এ ঘোষণা দেন।

তিনি বলেন, এর আগে সরকার দুই মাসের জন্য ব্যাংক ঋণের সুদ ছাড় দিয়েছিল এবং এ ছাড় দেওয়া সুদের পরিমাণ ছিল ১৬ হাজার ৫৪৯ কোটি টাকা। সুদের বাকি টাকা আগামী ১২ মাসের মধ্যে ঋণ গ্রহীতাদের পরিশোধ করতে হবে। খবর ইউএনবির

প্রধানমন্ত্রী বলেন, সরকার এখন ধীরে ধীরে বন্ধ থাকা সব দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পুনরায় চালু করে দিচ্ছে। বেশিরভাগ ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন, তবে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম ঠিকভাবে চালাতে পারেনি। ঋণের কারণে যাতে তারা কোনো চাপ না পড়ে সে জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, সরকার ১৯টি প্যাকেজের আওতায় প্রায় ১ লাখ ৩ হাজার ১১৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে যা জিডিপির প্রায় ৩ দশমিক ৭ শতাংশ। বিশ্বের অন্য কোন দেশ এতো বিপুল পরিমাণ (জিডিপির) প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে কি না আমার জানা নেই।

প্রধানমন্ত্রী বলেন, ঋণ গ্রহণকারীদের মধ্যে আনুপাতিক হারে ২০০০ কোটি টাকা বিতরণ করা হবে। ঋণ গ্রহীতাদের এ টাকা ফেরত দিতে হবে না, আমরা তাদের এ টাকা (অর্থের) ছাড় দিয়ে দিচ্ছি। সরকারের এ সিদ্ধান্তের ফলে প্রায় ১ কোটি ৩৩ লাখ ঋণ গ্রহীতা উপকৃত হবেন।

শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ এর কারণে ব্যবসা ও বাণিজ্য বন্ধ ছিল, এর মাধ্যমে আমরা তাদের ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু করার সুযোগ করে দিচ্ছি।

আরও পড়ুন

×