সিলেটে সেরা ব্লু-বার্ড, দ্বিতীয় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ৩১ মে ২০২০ | ০৬:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পাসের হারের মত জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যাও বেড়েছে। একইভাবে শতভাগ সাফল্য পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবারে দ্বিগুণ হয়েছে। এবারে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ৪ হাজার ২৬৩ জন।
গত বছর বোর্ডের পাসের হার ছিল ৭০ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৭৫৭ জন। এক বছরের ব্যবধানে শতভাগ সাফল্য পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২২ থেকে এবারে ৪৩ টিতে উন্নিত হয়েছে।
শতভাগ সাফল্য পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তিতে সবাইকে টেক্কা দিয়েছে নগরীর ব্লু-বার্ড হাই স্কুল এন্ড কলেজ। ব্লু-বার্ডের ২১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে; যা সিলেট বোর্ডের মধ্যে সর্বোচ্চ। এই সূচকে দ্বিতীয় স্থানে রয়েছে নগরীর আরেকটি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। এই প্রতিষ্ঠানের ২৬৬ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে; যাদের মধ্যে ২০৭ জন জিপিএ-৫ পেয়েছে। এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই শতাধিক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
নগরীর স্বনামধন্য দুটি শিক্ষা প্রতিষ্ঠান সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ শতভাগ সাফল্য পায়নি। তবে জিপিএ-৫ পাওয়ার লড়াইয়ে তারা বোর্ডে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। পাইলট উচ্চ বিদ্যালয়ের ২৪৯ জনের মধ্যে পাস করেছে ২৪৬ জন। এদের মধ্যে ১৪৬ জন সর্বোচ্চ জিপিএ পেয়েছে। অগ্রগামী বালিকার ১৩৯ জন জিপিএ-৫ পেয়েছে।
এই প্রতিষ্ঠানের ৩৩৬ জনের মধ্যে পাস করেছে ৩২১ জন। এছাড়া সিলেট ক্যাডেট কলেজের ৫৪ জনের সবাই জিপিএ-৫ পেয়েছে।