ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

দুই শিফটে কাজ শুরু করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

দুই শিফটে কাজ শুরু করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২০ | ০৭:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারঘোষিত দীর্ঘ ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে রোববার সচিবালয়ের কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুই শিফটে অফিস করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। প্রথম শিফটে একদল অফিস করবেন সকাল ১০টা থেকে বেলা ২টা প‌র্যন্ত। আর দ্বিতীয় শিফটে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ চলবে। 

মন্ত্রী বলেন, 'করোনার দুর্যোগে কর্মকর্তা-কর্মচারীরা দপ্তরে উপস্থিতি না থাকলেও তাদের সঙ্গে মন্ত্রণালয়ের নিবিড় দাপ্তরিক যোগাযোগ সব সময়ই অব্যাহত ছিল। বিসিএসআইআরসহ আমাদের বিভিন্ন অধিদপ্তর ও বিভাগগুলো নিয়মিত কাজ করেছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সব সরকারি অফিস চালু হয়েছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনেই আমরা সবাই অফিস করছি। জায়গা স্বল্পতার কারণে দুই শিফটে আমাদের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত হওয়ার নির্দেশনা আগেই দেওয়া হয়েছে। সে অনুযায়ী সবাই উপস্থিত হয়েছেন। 

তিনি আরও বলেন, 'প্রথম শিফটে কিছু লোক কাজ করবেন সকাল ১০টা থেকে ২টা প‌র্যন্ত। অবিশিষ্টরা দ্বিতীয় শিফটে ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করবেন। সেবা প্রত্যাশীদের যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হবে।'

এদিকে বিসিএসআইআর-এর জিনোমিক রিসার্চ গবেষণাগারে তিনটি কোভিড-১৯ কেসের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে।


আরও পড়ুন

×