যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল: সোমবার থেকে সীমিত পরিসরে চলবে কার্যক্রম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০২০ | ০৭:৫৯ | আপডেট: ৩১ মে ২০২০ | ০৯:৩৯
করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটি শেষে রোববার সরকারি অফিস খুললেও উচ্চ আদালত ও অধস্তন আদালতের বিচার কার্যক্রম চলছে ভার্চুয়াল পদ্ধতিতে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমও রোববার শুরু হয়নি। তবে সোমবার থেকে সীমিত পরিসরে শুরু হবে ট্রাইব্যুনালের কার্যক্রম। চলবে আগামী ১৫ জুন পর্যন্ত।
উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শুনানি অনুষ্ঠিত হবে। তবে বিচারাধীন মামলার আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করতে হবে না। সংশ্লিষ্ট একাধিক সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩৬টি মামলা বিচারাধীন রয়েছে। করোনা পরিস্থিতিতে গত ২৫ মার্চ থেকে বন্ধ ছিল ট্রাইব্যুনালের কার্যক্রম। এ সময়ে বিভিন্ন বিচারাধীন মামলার শুনানির তারিখ থাকলেও তা হয়নি। সেখানে দায়িত্বরত ২২ জন এপিবিএন সদস্য ও কর্মচারীরা কভিড-১৯ আক্রান্ত হওয়ায় লকডাউন ছিল ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, লকডাউন চলাকালে ভার্চুয়াল উপস্থিতিতে দফায় দফায় বৈঠক করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার কর্মকর্তারা। এ ছাড়া ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের সভাপতিত্বে একবার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।