যুগ্ম কমিশনার ইমামকে বদলি, তেজগাঁওয়ের ডিসি হারুন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৯:১১
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বড় রদবদল হয়েছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামকে ‘পার্সেন্টেজ সুবিধা গ্রহণের প্রস্তাব’ দিয়ে আলোচনায় আসা যুগ্ম কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেনকে ওই শাখা থেকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক আদেশে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে বদলি করা হয়।
একই আদেশে আরও দুই যুগ্ম কমিশনার কর্মকর্তার পদেও রদবদল আনা হয়েছে। এছাড়া পৃথক আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার পাচঁজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ডিএমপির প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে তেজগাঁও বিভাগের ডিসির দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে লালবাগ বিভাগের ডিসি, লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলামকে লজিস্টিকস্ বিভাগের ডিসি, লজিস্টিকস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউল আহসান তালুকদারকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের পশ্চিম বিভাগ ও পিওএম-পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার আব্দুল মালেককে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং ট্রান্সপোর্ট বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মঈনুল হককে লজিস্টিকস্ বিভাগের যুগ্ম কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
’ঘুষ প্রস্তাবের’ অভিযোগে যুগ্ম কমিশনার ইমাম হোসেনকে সরিয়ে দিতে ৩০ মে পুলিশের মহাপরিদর্শককে চিঠি দিয়েছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আইজিপিকে চিঠি দেওয়ার পর নিজেই তাকে অন্য বিভাগে সরিয়ে দিলেন পুলিশ কমিশনার।
- বিষয় :
- ডিএমপি
- ডিসি হারুন
- যুগ্ম কমিশনার ইমাম