ক্যারিয়ারের যে ‘অপূর্ণ অধ্যায়’ পূরণ হতে যাচ্ছে মেসির
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১২:০৪
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি ‘অপূর্ণ অধ্যায়’ পূরণ হতে যাচ্ছে। ২১ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সিতে কখনোই ইংল্যান্ডের বিপক্ষে খেলেননি তিনি। তবে বিশ্বকাপের সেমিফাইনালে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।
আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা আটলান্টায় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটি মেসির ব্যক্তিগত ক্যারিয়ারেও একটি বিশেষ অধ্যায়। আর্জেন্টিনার হয়ে এটি হবে তাঁ ২০৬তম আন্তর্জাতিক ম্যাচ, আর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম।
২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল মেসির। তবে সেই ম্যাচেই লাল কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন তিনি। ফলে একই বছরের নভেম্বরে জেনেভায় ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি। সেই ম্যাচে ৩-২ গোলে জিতেছিল ইংল্যান্ড।
এরপর থেকে দুই দেশের জাতীয় দল আর কখনো মুখোমুখি হয়নি। ফলে দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার হয়ে খেললেও ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সুযোগ হয়নি মেসির। অবশ্য ক্লাব ফুটবলে ইংলিশ দলের বিপক্ষে অভিজ্ঞতার কমতি নেই তার। বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামির হয়ে বহুবার ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবের বিপক্ষে খেলেছেন তিনি। কিন্তু ইংল্যান্ড জাতীয় দলের বিপক্ষে ম্যাচসংখ্যা এতদিন ছিল শূন্য।
বিশ্বকাপেও দুই দলের লড়াইয়ের ইতিহাস বেশ সমৃদ্ধ। তবে আশ্চর্যের বিষয়, এর আগে কখনোই বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়নি তারা। ১৯৬৬ ও ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দেখা হয়েছিল দুই দলের। ১৯৬৬ সালে জিতেছিল ইংল্যান্ড, আর ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার জোড়া গোলে জিতেছিল আর্জেন্টিনা।