কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা মারা গেছেন
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। ফাইল ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১৩:০৭
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। তিনি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন। রোববার কাতার সরকার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে।
আমিরের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমিরের কার্যালয় অত্যন্ত দুঃখের সঙ্গে শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুর খবর জানাচ্ছে। আল্লাহ তাঁর ওপর রহমত বর্ষণ করুন।’
সাবেক এই নেতাকে আধুনিক কাতারের অন্যতম প্রধান রূপকার হিসেবে বিবেচনা করা হয়। তাঁর নেতৃত্বেই দেশটি দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির যুগে প্রবেশ করে। ১৯৯৫ সালের জুনে শেখ হামাদ এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে তাঁর বাবার কাছে থেকে ক্ষমতা গ্রহণ করেন। তখন তাঁর বাবা দেশের বাইরে অবস্থান করছিলেন।
শেখ হামাদ ক্ষমতায় বসার সময় কাতারের অর্থনীতি ছিল বেশ দুর্বল। কিন্তু পরে তিনি দেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম প্রধান প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করেন। তাঁর শাসনকালে আমিরের এক অধ্যাদেশের পর ১৯৯৬ সালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা যাত্রা শুরু করে।
২০১৩ সালের জুনে শেখ হামাদ তাঁর ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন। যা আরব বিশ্বের সাম্প্রতিক ইতিহাসে ব্যতিক্রম ঘটনা। প্রায় ৩০ লাখ জনগোষ্ঠীর আরব রাষ্ট্রটির অধিকাংশ বাসিন্দা প্রবাসী কর্মী। দেশটি ১৯৭১ সাল পর্যন্ত ৫৫ বছর ব্রিটিশ উপনিবেশ ছিল। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে শাসন করছে আল থানি পরিবার।