ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হাতিটি মারা গেছে

টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হাতিটি মারা গেছে
×

ছবি: সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১৩:১৭

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া মা হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার সকাল পৌনে ১০টার দিকে হাতিটি মারা যায়।

বন বিভাগ জানায়, গতকাল শনিবার টেকনাফ রেঞ্জের টেকনাফ সদর বিটের শিয়াল্যাঘোনা এলাকায় প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে হাতিটি নিচে পড়ে যায়। টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে হাতিটির পা ও পেটে গুরুতর আঘাত লাগে।

টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ বলেন, খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতাল ও ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসকদের সহায়তায় চিকিৎসা শুরু করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে ১০টার দিকে হাতিটি মারা যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় হাতিটি পড়ে থাকায় উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে। চিকিৎসক দল ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে।

বন বিভাগ জানিয়েছে, চলমান ভারী বর্ষণে পাহাড়ি বনাঞ্চলের ঢাল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় হাতিসহ বিভিন্ন বন্য প্রাণী দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা বেড়েছে। 

আরও পড়ুন

×