ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

করোনার উপসর্গ

মুক্তিযোদ্ধা ব্যাংকারসহ আরও ২৩ জনের মৃত্যু

মুক্তিযোদ্ধা ব্যাংকারসহ আরও ২৩ জনের মৃত্যু
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২০ | ১২:০০

করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনার উপসর্গে মৃত্যু ৬২৯ জনে পৌঁছাল। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার মারা যাওয়া ব্যক্তিরা হলেন বগুড়ায় স্কুলশিক্ষকসহ তিনজন, সিলেটে দু'জন, খুলনায় একজন, গাইবান্ধায় মুক্তিযোদ্ধা, পটুয়াখালীতে ব্যাংক কর্মকর্তা, চাঁদপুরে মুক্তিযোদ্ধাসহ ছয়জন, জামালপুরে একজন, রাঙামাটিতে একজন, পিরোজপুরে পল্লি চিকিৎসক, কুড়িগ্রামে একজন, চট্টগ্রামে একজন, ঢাকায় একজন, ময়মনসিংহে একজন, নাটোরে একজন এবং ফরিদপুরে একজন। ব্যুরো, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া : আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে বৃহস্পতিবার নারীসহ আরও দু'জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- বগুড়া বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক আবু ইউসুফ (৩৭), শহরের ধাওয়াপাড়া এলাকার বাসিন্দা সালেহা খাতুন (৪৯) এবং শিবগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সাইদুর রহমান।
সিলেট :নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বৃহস্পতিবার তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলার বাসিন্দা আব্বাস উদ্দিন (৭০) ও পারভীন বেগমের (৫০) করোনার উপসর্গ ছিল এবং গোলাপগঞ্জের মতিন মিয়া নামে এক বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন। হাসপাতালের সহকারী আবাসিক চিকিৎসক জন্মেজয় দত্ত এসব তথ্য জানান।
খুলনা :খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বৃহস্পতিবার জান মোহাম্মদ (৮০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নগরীর খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার বাসিন্দা ছিলেন।
গাইবান্ধা :পলাশবাড়ীতে আবুল কালাম আজাদ (৭৩) নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। বৃহস্পতিবার উপজেলা সদরের প্রফেসরপাড়ার বাড়িতে তিনি মারা যান। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
পটুয়াখালী :বৃহস্পতিবার শহরের হেতালিয়া বাঁধঘাট এলাকার বাসায় মারা যান ব্যাংক কর্মকর্তা হানিফ আকন (৫৩)। তিনি রূপালী ব্যাংক নিউ টাউন শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন।
চাঁদপুর ও মতলব :চাঁদপুর সদরের হাবিব খান (৭০), আনোয়ার হোসেন খান (৫০), মতলব দক্ষিণ উপজেলার মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৬৭) ও অবসরপ্রাপ্ত ব্যাংকার অহিদুজ্জামান খন্দকার (৭০), ফরিদগঞ্জের তাজুল ইসলাম (৩২) এবং হাজীগঞ্জের বলাখালের নুরুল আমিন ( ৫০) মারা গেছেন। এর মধ্যে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে তিনজনের মৃত্যু হয়।
জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ মুনিয়াপাড়ায় নারায়ণগঞ্জ ফেরত এক নারী বৃহস্পতিবার সকালে মারা যান।
রাঙামাটি :রাঙামাটির কাপ্তাইয়ে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। বুধবার রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র হাসপাতালে চেমন আরা বেগম (৫৫) নামে ওই বাবুর্চি মারা যান।
ইন্দুরকানী (পিরোজপুর) : নির্মল (৫৮) নামে পল্লি চিকিৎসক মারা গেছেন। বুধবার রাতে ইন্দুরকানী বাজারের বাসায় অসুস্থ হয়ে পড়লে জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চিলমারী (কুড়িগ্রাম) :চিলমারীতে করোনা উপসর্গ নিয়ে এই প্রথম শফিকুল ইসলাম (৪৫) নামে ঢাকার গাজীপুরফেরত এক ব্যক্তির বৃহস্পতিবার মৃত্যু হয়েছে। তিনি রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট কুঠির গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) :বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালের আইসোলেশনে বুধবার রাতে এক যুবক মারা যান। এ ছাড়া করোনা শনাক্ত হয়েছেন সীতাকুণ্ড মডেল থানার আরও সাত পুলিশ সদস্যসহ ১৫ জন। করোনা উপসর্গে মারা যাওয়া থানার এসআই এমরানুল ইসলামের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
ধামরাই (ঢাকা) :ঢাকার ধামরাই পৌরসভার কায়েতপাড়ায় বৃহস্পতিবার বাড়িতেই মারা যান পাখি মণ্ডল (৩২) নামে গৃহপরিচারিকা। আত্মীয়স্বজন এগিয়ে না আসায় পুলিশ ও স্থানীয় কাউন্সিলর আরিফুল ইসলামের সহায়তায় মৃতের সৎকার করা হয়।
ভালুকা (ময়মনসিংহ) :ভালুকা উপজেলার ৫ নম্বর বিরুনীয়া ইউনিয়নের বিরুনীয়া (পশ্চিমপাড়া) এলাকার সূর্য্যত আলীর ছেলে মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন বুধবার রাতে মারা যান। ময়মনসিংহ সূর্য্যকান্তি (এস কে) হাসপাতালে তার মৃত্যু হয়।
নাটোর :সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার অরুণ কুমার দাস (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর চারঘাট থেকে সিংড়া পৌর শহরের মাদারীপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
ফরিদপুর :শহরের হাউজিং এস্টেটের মেজর আজাদের মালিকানাধীন ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকা ৮০ বছর বয়সী ব্যক্তি বৃহস্পতিবার মারা গেছেন। তিনি পুষ্টিবিষয়ক বেসরকারি প্রতিষ্ঠানে টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি গ্রামে।

আরও পড়ুন

×